AFC Asian Cup Qualifiers: বাংলাদেশের বিরুদ্ধে লক্ষ্য জয়, হামজাকে নিয়ে কী পরিকল্পনা ভারতীয় দলের?
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্য়াচে মঙ্গলবার ভারতীয় দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। কয়েকদিন আগেই মলদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জয় পেয়েছে ভারত। ফলে বাংলাদেশের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন সুনীলরা। সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক কারণের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে ম্যাচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ভারত সরাসরি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে বাছাই পর্বের মাধ্যমেই ভারতকে টিকিট নিশ্চিত করতে হবে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। মোট ২৪টি দলকে ছ'টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে শীর্ষস্থানে থাকা দলগুলি মূলপর্বে উঠবে। ফলে ভারতের সামনে কঠিন পরীক্ষা।

ফিফা ক্রম তালিকায় ভারত অনেকটা এগিয়ে আছে বাংলাদেশের থেকে। ভারতের স্থান যেখানে ১২৬, সেখানে বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। যদিও প্রতিপক্ষ দলকে হালকাভাবে নিতে নারাজ ভারতের কোচ মানলো মার্কুয়েজ। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যে কোনও প্রতিযোগিতায় প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। এখানে প্রতিযোগিতা খুব সীমিত, এক নম্বরে থাকা দলই মূলপর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। মোট ছয়টি ম্যাচ আমাদের খেলতে হবে আমাদের প্রথম স্থান অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য যোগ্যতা অর্জন করতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করা।
বাংলাদেশ দলে সবথেকে বেশি চর্চা চলছে হামজা চৌধুরিকে নিয়ে। তিনি বাংলাদেশ দলের অন্যতম ভরসা। হাজমাকে নিয়ে সতর্ক ভারতের কোচও। তিনি বলেন, হামজা নিঃসন্দেহে একজন ভালো ফুটবলার। সে প্রিমিয়ার লিগে খেলেছে। আমি মনে করি, এটি শুধু বাংলাদেশের জন্য নয় পুরো মহাদেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক। এমন খেলোয়াড়রা জাতীয় দলে খেললে বাকিরাও খুবই উদ্দীপ্ত হবে। তবে তাঁকে রুখে দেওয়াক জন্য আমারাও রণকৌশল নেব।
ভারতে আসার পর থেকেই একের পর এক অভিযোগ তুলেছে বাংলাদেশ দল। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং গিয়েছে। কলকাতা থেকে বিমানে শিলং যাওয়ার সময় দলের সঙ্গে ১৬টি ব্যাগ পৌঁছায়নি বলে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ দলের পক্ষ থেকে। যদিও সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে । এ ছাড়াও শিলংয়ের হোটেলের চাহিদা মতো ঘরের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করে তারা, এমনকি মাঠ নিয়েও তাদের অভিযোগ ছিল।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধিতা মারাত্বক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ভারতের কাছে একটা গ্রুপ লিগের ম্যাচ হলে বাংলাদেশের কাছে এই ম্যাচটার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। কোনও ভাবে জিততে পারলে বাংলাদেশীদের স্বর আরও জোরালো হবে, হারলে বইবে অজুহাতের বন্যা।












Click it and Unblock the Notifications