AFC Asian Cup: সিরিয়াকেও হারাতে পারলেন না সুনীলরা! হারের হ্যাটট্রিকে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের
AFC Asian Cup: ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল, রইল সেই তিমিরেই। এক-আধটা ম্যাচ জিতে ঢক্কা-নিনাদ। কিন্তু বিদেশি কোচেদের এনেও যে লাভের লাভ হচ্ছে না তা ফের প্রমাণিত এএফসি এশিয়ান কাপের ব্যর্থতায়।
প্রথমেই তুলে ধরা হয় পরিকাঠামোর কথা। যুদ্ধ ও ভূমিকম্প-বিধ্বস্ত দেশ সিরিয়ার কাছে আজ ভারত যেভাবে হারল তাতে আর কোনও সাফাই কি যুক্তিগ্রাহ্য হবে? উঠে গেল সেই প্রশ্ন।

নক-আউট পর্বে যেতে হলে আজ কাতারের আল খরে আল বিয়াত স্টেডিয়ামে ভারতের কাছে প্রথম শর্তই ছিল জয় ছিনিয়ে নেওয়া। আগের দুটি ম্যাচে পরাজয় সুনীল ছেত্রীর দলকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। আজকের ম্যাচ জিতলে এবং অন্য ম্যাচের ফলাফল ভারতের পক্ষে এলে খুলে যেত নক-আউট পর্বের দরজা। যদিও তা সম্ভব হলো না।
১৯৮৪, ২০১১ ও ২০১৯ সালের পর এবারও ভারত এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারল না। ১৯৬৪ সালের টুর্নামেন্টে চারটি দেশ অংশ নিয়েছিল, সেবার ভারত রানার্স-আপ হয়েছিল। আজ সিরিয়ার বিরুদ্ধে ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি পায় সিরিয়া।
ভারতীয় ফুটবলাররা লড়াই চালালেও জয়ের যাবতীয় আশায় জল পড়ে যায় ৭৬ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা ওমর খিরবিন জয়সূচক গোলটি করেন। এই গোল হওয়ার আগে পর্যন্ত কার্যত দুর্ভেদ্য ছিলেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। বেশ কয়েকটি ভালো সেভ করেন। যদিও শেষ অবধি ঝাঁপিয়ে পড়েও ক্লোজ রেঞ্জ থেকে নেওয়া ওমরের গোলমুখী শট বাঁচাতে পারেননি।
সামগ্রিক পারফরম্যান্স বিচার করলে ভারতও সিরিয়াকে এক চিলতে জমি না ছাড়ার প্রত্যয় নিয়ে নেমেছিল। তবে আগাগোড়া আক্রমণ তুলে এনে ভারতকে চাপে রেখে গিয়েছে সিরিয়া। খেলা যতই গড়াতে থাকে ততই সিরিয়া ফিজিক্যাল ফুটবলে জোর দেয়। ভারতীয় ফুটবল দল প্রতিপক্ষের এই শারীরিক লড়াইয়ে টেক্কা দেওয়ার জায়গায় ছিল না।
প্রথমার্ধে সুনীল ছেত্রী, মনবীর সিংরা বেশ কয়েকটি আক্রমণ তুলে আনলেও কাজের কাজটা করতে পারেননি। সিরিয়া শুরু থেকেই গোল পেতে ঝাঁপিয়েছিল। ফলে ভারতের অর্ধেই চাপটা বেশি বজায় রেখেছিল সিরিয়া। ভারত সুযোগ কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতো। তবে হতোদ্যম না হয়ে দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমেও ভারত চেষ্টা চালিয়ে গিয়েছে।
এবারের এএফসি এশিয়ান কাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে ০-২, উজবেকিস্তানের কাছে ০-৩ গোলে হেরেছিল। একটিও ম্যাচ জিততে না পারলেও ভারতীয় রক্ষণভাগের কয়েকজন ফুটবলারের সাহস ও দক্ষতা প্রশংসার দাবি রাখে। আজ অস্ট্রেলিয়া-উজবেকিস্তান ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে রইল অস্ট্রেলিয়া। উজবেকিস্তান ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং সিরিয়া চার পয়েন্ট নিয়ে তিনে রইল।












Click it and Unblock the Notifications