Igor Stimac: ইগর স্টিমাচকে সরানোর জের, ভারতের প্রাক্তন কোচকে কত কোটি টাকা দিতে হবে এআইএফএফকে?
Igor Stimac: ইগর স্টিমাচকে ভারতের হেড কোচের পদ থেকে গত জুনে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই সিদ্ধান্তের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে এআইএফএফ।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, স্টিমাচের সঙ্গে ফেডারেশন কর্তাদের কথা হয়েছে। সেই মতো তাঁকে প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা দেওয়া হবে ক্ষতিপূরণ হিসেবে।

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সহজ সূচি পেলেও হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয় ভারত। দ্বিতীয় রাউন্ডের পরই দলের ব্যর্থতার কারণে স্টিমাচকে অপসারণের পথে হাঁটে ফেডারেশন। এরপরই কড়া অবস্থান নেন স্টিমাচ। ১০ দিনের মধ্য়ে তাঁর ক্ষতিপূরণ না মেটানো হলে ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন।
স্টিমাচ সাংবাদিক বৈঠক করে তোপ দেগেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে-সহ ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে। পাল্টা বিবৃতি জারি করে স্টিমাচের বক্তব্য খণ্ডন করে ফেডারেশন। যদিও শেষ অবধি তিক্ততা না বাড়িয়ে, আইনি জটিলতায় না জড়িয়ে স্টিমাচের সঙ্গে কথা হয় ফেডারেশন কর্তাদের।
জানা যাচ্ছে, ফেডারেশনের তরফে স্টিমাচকে ৪ লক্ষ মার্কিন ডলার দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দুই পক্ষ সহমতে পৌঁছেছে। যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য এই অর্থমূল্য দিতে রাজি হয়েছে ফেডারেশন। ফেডারেশনের তরফে ৫ ও ১০ মাসের বেতন দেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন স্টিমাচ।
এআইএফএফ এমনিতেই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোচ্ছে। চলতি বছর কমানো হয়েছে কম্পিটিশন বাজেট। প্রথমদিকে ফেডারেশন বলেছিল স্টিমাচের তিন মাসের বেতন মেটাতে তারা রাজি। এতে রাজি না হয়ে স্টিমাচ ফিফায় যান। তিনি ক্ষতিপূরণ বাবদ ৯,২০,০০০ মার্কিন ডলার বা ৭.৭২ কোটি টাকা দাবি করে বসেন। যা দুই বছরের বেতন।
শেষ অবধি তার তুলনায় অনেক কমেই স্টিমাচের দাবিদাওয়ার নিষ্পত্তি ঘটাল ফেডারেশন। কিন্তু বিপুল অঙ্কের টাকা গচ্চা যাচ্ছে। ২০১৯ সালে স্টিমাচকে ভারতীয় দলের হেড কোচ করা হয়েচে। ২০২৬ সাল অবধি তাঁর ভারতীয় দলের হেড কোচ থাকার কথা ছিল। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাঁকে চুক্তির মেয়াদ বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications