করোনার জেরে বাতিল হওয়ার পথে আইলিগ! এআইএফএফ-র বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
করোনার জেরে বাতিল হওয়ার পথে আইলিগ! এআইএফএফ-র বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
করোনা ভাইরাসের জেরে স্তব্ধ গোটা ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে সব পরিষেবা। স্থগিত করে দেওয়া হয়েছে সব ক্রীড়া টুর্নামেন্ট। তারই মাঝে দেশের ফুটবল প্রেমীদের কাছে ঘোর দুঃসংবাদ। মারণ ভাইরাসের প্রভাব বাতিল হয়ে যেতে পারে এ বছরের আই লিগ।

করোনা ও লকডাউন
বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২২৯ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। আপদকালীন ব্যতিরেকে বন্ধ করে দেওয়া হয়েছে সব পরিষেবা। ঘরবন্দি থাকতে হচ্ছে সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের।

স্থগিত আই লিগ
করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে আই লিগ। পিছিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্টও। ইতিমধ্যে দীর্ঘদিন কেটে যাওয়ায় এবং লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় এআইএফএফ-র কাছে, আই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করছে ক্লাবগুলি। কারণ এই কঠিন পরিস্থিতিতে তাদের পক্ষে খেলোয়াড় ঘরে রাখা সম্ভব হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ক্লাবগুলি।

বন্ধ হতে পারে আই লিগ
১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের প্রভাব না কমায়, লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আই লিগ বাতিল করে দেওয়া হতে পারে বলে ভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

বৈঠকে ফেডারেশন
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে এআইএফএফ বা ভারতীয় ফুটবল ফেডারেশন। লকডাউনের সময়সীমা বাড়ানো হলেই ফেডারেশনের কর্তারা ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে এই ইস্যুতে বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। আসলে লকডাউন উঠলেই তো সমস্যার সমাধান হবে না। দলগুলিকে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিতে হবে। ফ্লাইট, ট্রেন পরিষেবা কবে স্বাভাবিক হবে, তাও কেউ জানে না।

আই লিগের ফলাফল
ইতিমধ্যেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মোহনবাগান। তাই বাকি ম্যাচগুলির ওপর টুর্নামেন্টের ফলাফল নির্ভর করবে না। কেবল লিগ তালিকার নিচের দিকে থাকা দলগুলিকে সম্ভবত প্রাইজ মানি সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বলে ফেডারেশন সূত্রে খবর।












Click it and Unblock the Notifications