গত মরসুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জয়ী দলের দ্বৈরথে শেষ হাসি হাসল নিজামের শহরের দল
গত মরসুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জয়ী দলের দ্বৈরথে শেষ হাসি হাসল নিজামের শহরের দল
বুধবার ঘরের মাঠে আইএসএল-এর ম্যাচে হায়দরাবাদ এফসি'র মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে হাইপ্রোফাইল এই ম্যাচের মঞ্চ তৈরিই ছিল। হোম ম্যাচে জামশেদপুরের সমর্থকপুষ্ট মাঠে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ এফসি। দ্বিতীয়ার্ধে মহম্মদ ইয়াসিরের একমাত্র গোলে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় হায়দরাবাদ এফসি।

এ দিনের ম্যাচটি ছিল গত মরসুমে লিগ শিল্ড জয়ী দলের সঙ্গে গত মরসুমে আইএসএল জয়ী দলের বিরুদ্ধে। যার ফলে সমর্থকদের মধ্যে ম্যাচ ঘিরে বাড়তি তাগিদ কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্খিত জয় তুলে আনতে পারল না জামশেদপুর। জয় হাতছাড়া করার পাশাপাশি দৃষ্টিনন্দন ফুটবল খেলতেও ব্যর্থ হন ড্যানিয়েল চিমা চুকু-প্রতীক চৌধুরিরা। ম্যাচের সিংহভাগ নিয়ন্ত্রণই ছিল হায়দরাবা এফসির কাছে। ঘরের মাঠে মাত্র ৩৪ শতাংশ বলের দখল ছিল জামশেদপুর এফসির কাছে। যেখানে জামশেদপুর ২৩৭টি পাস খেলেছে সেখানে হায়দরাবাদ খেলেছে ৪৬৪টি পাস। নির্ভুল পাস খেলার দিক দিয়েও জামশেদপুরের থেকে অনেক এগিয়ে হায়দরাবাদ। তবে শট অন টার্গেট রাখার ক্ষেত্রে প্রাধান্য ছিল জামশেদপুরের। চিমা চুকুর দল ৯টি শটের মধ্যে ৩টি টার্গেটে রাখে, সেখানে ১২টির মধ্যে হায়দরাবাদের টার্গেটে ছিল মাত্র ২টি।
দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ৪৮ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি হায়দরাবাদ এফসির হয়ে করেন মহম্মদ ইয়াসির। এই ম্যাচে জয়ের ফলে তলতি লিগে এখনও পর্যন্ত অপরাজেয় তকমা ধরে রাখল হায়দরাবাদ। ছয় ম্যাচে পাঁচটি ম্যাচে জয় এবং একটি ম্যাচ ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি রয়েছে প্রথম স্থানে। অপর দিকে পাঁচ ম্যাচে একটি জয় এবং একটি ড্র-এর সৌজন্যে জামশেদপুর এফসি ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications