Hijab Ban In Women's Football: হিজাব পরে ফুটবল খেলা যাবে না, নির্দেশ ফরাসি আদালতের
ফ্রান্স ফুটবল ফেডারেশেনর ঐতিহাসিক সিদ্ধান্তকেই মান্যতা দিল ফরাসি আদালত। হিজাব পড়ে ফুটবল মাঠে নামতে পারবেন না কোনও মহিলা ফুটবলার। চলতি মাসের শুরুতেই সমস্ত রকমের ফুটবল টুর্নামেন্টে হিজাব পরা যাবে না বলে জানিয়ে নির্দেশিকা জারি করেছিল ফরাসি ফুটবল ফেডারেশন। শুধু হিজাবই নয়, একইসঙ্গে ম্যাচ চলাকালীন ধর্মীয় চিহ্ন ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
হিজাব পরে ফুটবল মাঠে নামা পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয় ফরাসি ফুটবল মহলে। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি নিয়ে জল গড়ায় আদালত পর্যন্তও। কিন্তু আইনি লড়াইয়েও জয় পেল ফ্রান্স ফুটবল সংস্থা। তাঁদের নির্দেশিকাতেই সিলমোহর দিয়েছে ফরাসি শীর্ষ আদালত।

ফুটবল ফেডারেশনের নিয়মাবলীর প্রথম পরিচ্ছেদেই এই নির্দেশ রয়েছে। সেখানে বলা হয়েছে, ধর্মীয় কোনও চিহ্ন বা পোশাক পরে ফুটবল মাঠে নামা যাবে না। সব ধরনের ম্যাচ বা প্রতিযোগিতাতেই এই নিয়ম প্রযোজ্য হবে। ফ্রান্সে হিজাব পরিহিত মহিলা ফুটবল খেলোয়াড়দের বলা হয় 'লেস হিজাবিস'।
তাঁরা জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হয়েছিল। দ্য কাউন্সিল অফ স্টেট জানিয়ে দিয়েছে এই নির্দেশ জারি করার অধিকার রয়েছে স্পোর্টস ফেডারেশনের। সম্প্রতি তাঁদের বিরুদ্ধেই বিশেষ এক নির্দেশিকা জারি করে ফরাসি ফুটবল ফেডারেশন।

ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছিল, ফুটবল মাঠ খেলোয়াড়দের ধর্মীয় পরিচয় প্রকাশ করার জায়গা নয়। জাতি,ধর্ম,বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে এই ফুটবল খেলা। সেই কারণেই হিজাব পরে মাঠে নেমে বল নিয়ে ড্রিবলিং করা যাবে না।
ফ্রান্সের আইন শৃঙ্খলা মন্ত্রকের মন্ত্রী জিরাল্ড ডারমাইন বলেছেন, 'আমি গভীরভাবে বিশ্বাস করি ক্রীড়াক্ষেত্র সব সময়ই নিরপেক্ষতা বজায় রাখে। আপনি কখনই খেলার সময় ধর্মীয় পোশাক পরতে পারেন না, আপনি যখন ফুটবল খেলছেন তখন মানুষকে জানানোর প্রয়োজন নেই আপনি কোন ধর্মের প্রতিনিধি।'

রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত অনুমতি দিলে হিজাব সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পেশ করা হবে।প্রশ্ন উঠছে, আগামী বছর প্যারিসে অলিম্পিক আয়োজিত হবে। সেখানেও কি এই নিয়ম লাগু হবে? এখনও পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয়।
এরআগে ফিফার পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল ফুটবল মাঠে কোনও রকম ধর্মীয় আচরণ করা যাবে না। এমনকি গোলের সেলিব্রেশনের পরও নয়। পাশাপাশি দর্শকদের ধর্মীয় পোস্টার নিয়েও মাঠে প্রবেশের ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া হয় অনেক দেশে।












Click it and Unblock the Notifications