Igor Stimac: ‘ফেডারেশন কর্তারা শুধু ক্ষমতা চান’, বরখাস্ত হয়ে বিস্ফোরণ ঘটালেন স্টিমাচ
কয়েকদিন আগেই ভারতীয় ফুটবলের কোচের পদ থেকে অপসারিত হয়েছিলেন ইগর স্টিমাচ। তাঁকে যেভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা কিছুতেই মেনে নিতে পারেননি ক্রোয়েশিয়ান কোচ। এরআগে সোশ্যাল মিডিয়ায় বিদায়ী বার্তা লিখেছিলেন, তবে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হওয়া কোচ।
ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে তোপ দাগেন স্টিমাচ। তিনি বলেন, "ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসকদের ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও জ্ঞানই নেই। ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার সম্পর্কেও তারা কিছুই জানেন না। কর্তাদের লক্ষ্য কেবল ক্ষমতা দখল করা । ফুটবল প্রশাসন কীভাবে চালাতে হয়, এ বিষয়ে তাঁদের কোনও ধারণাই নেই। এভাবে কোনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চলতে পারে না।'

সরাসরি কল্যাণ চৌবেকে আক্রমণ করে বলেন, 'কল্যাণকে রাজনৈতিক ভাবে এই পদে বসানো হয়েছে। যদিও ওর কোনও রাজনৈতিক ক্ষমতা নেই। কলকাতার বাইরে তেমন পরিচিতি নেই। জাতীয় দল নিয়ে কোনও ভাবনা নেই। তবে ফুটবল-বিখ্যাত মানুষদের সঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করতে ভালবাসে।
কয়েকদিন আগেই ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে অপসারিত হয়েছেন ইগর স্টিমাচ। ২০১৯ সালে এশিয়া কাপের পর ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হন। তাঁর আমলে সাফল্য-ব্যর্থতার মতোই বিতর্কও আছে।
স্টিমাচ এদিন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, আমার হাতে এখন সময় আছে। ইউরোর কয়েকটা ম্যাচ আগে দেখবো। তার পরে ক্রোয়েশিয়া ফিরে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।"
তিনি আরও অভিযোগ করেন, আমাকে কেউ কোনওদিন বরখাস্ত করতে পারেনি। এবারই প্রথমবার আমি বরখাস্ত হলাম। এরআগে ফেডারেশনের পক্ষ থেকে আমাকে তিন মাসের বেতন নিয়ে সরে যেতে বলা হয়েছিস। আমি নতুন কোনও দলে যোগ দিলে নিজে থেকেই সরে যেতাম। তখন আমাকে হয়তো এক মাসের বেতন দিতে হত। কিন্তু অকারণে তাড়াহুড়ো করে আমাকে বরখাস্ত করা হল। এর কারণ জানি না।'
এবার তিনি ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবেন সেটাও উল্লেখন করেন। তাঁর কথায়, আমাকে এভাবে বরখাস্ত করার অধিকার নেই এআইএফএফ-এর। আমাকে এভাবে সরাতে হলে পুরো বেতন দিতে হবে। ওরা কোথা থেকে টাকা জোগাড় করবে আমি জানি না। আমি সেটা নিয়ে ভাবছি না। টাকা না পেলে ফিফার ট্রাইবুনালে আবেদন করব। '
স্টিমাচের আরও অভিযোগ, জাতীয় দলের প্রস্তুতির জন্য কখনও পর্যাপ্ত সময় বা সুবিধা পাননি। সব সময়ই মানিয়ে নিয়ে চলতে হয়েছে তাঁকে। আইএসএল প্রসঙ্গে স্টিমাচের বিস্ফোরণ, ''এটা কোনও লিগই নয়। এত দিন ধরে একটা প্রতিযোগিতা চলছে, অথচ অবনমন নেই। দেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কেন একটা কর্পোরেট সংস্থা চালাবে? ফেডারেশনের আয়োজন করা উচিত। ভালো কোনও ফুটবলার এই লিগে খেলতে আসেন না।’
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্টিমাচের বক্তব্যে জবাব দেওয়া হবে।












Click it and Unblock the Notifications