Tom Aldred In MBSG: মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণে টম অলড্রেড, ব্রিসবেন রোর থেকে সটান সবুজ-মেরুনে
Tom Aldred In MBSG: মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন টম অলড্রেড (Tom Aldred)। ব্রিসবেন রোর এফসি-তে পাঁচ বছর কাটিয়ে তিনি এবার খেলবেন সবুজ-মেরুন জার্সিতে।
অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিসবেন রোর এফসি। ২০১৯ থেকে চলতি বছর অবধি এই ব্রিটিশ ডিফেন্ডার সেই ক্লাবে খেলেছেন। সেপ্টেম্বরেই ৩৪ বছর পূর্ণ হবে অলড্রেডের।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অলড্রেডের পেশাদার ক্লাব ফুটবলে অভিষেক হয় ২০০৮ সালে কার্লাইল ইউনাইটেডের হয়ে। লোনে খেলেন ওয়ার্কিংটনে। ২০১০ সালে যান ওয়াটফোর্ডে, স্টকপোর্ট কাউন্টি ও ইনভার্নেস ক্যালেডোনিয়ান থিসলে লোনে খেলেছেন। ২০১১ সালে যান কলচেস্টার ইউনাইটেডে, লোনে খেলেন টরকোয় ইউনাইটেড ও ব্যারোর হয়ে।
২০১৩ সালে অলড্রেড যোগ দেন অ্যাক্রিংটন স্ট্যানলিতে। ২০১৫ থেকে ২০১৭ সালে ব্ল্যাকপুলের হয়ে খেলার পর ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন বারিতে, মাদারওয়েলের হয়ে লোনে খেলেছেন। ২০১৯ থেকে চলতি বছর পর্যন্ত তিনি খেলেন ব্রিসবেন রোরের হয়ে।
ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোহনবাগান সুপার জায়ান্টে যোগদানের কথা জানিয়েছেন অলড্রেড। ১৯৯০ সালের ১১ সেপ্টেম্বর তাঁর জন্ম ইংল্যান্ডের বল্টনে। গত বছর অক্টোবরে তিনি জানান, অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য আবেদনের কথা। চার বছরের বেশি অস্ট্রেলিয়ায় কাটানোর ফলে তিনি গত ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান। অলড্রেড স্কটল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে একটি খেলেছেন।
Itna confidence kaise! 🤯
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 2, 2024
OFFICIAL! Welcome @tomaldred_20! 💚♥️#MBSG #SRMB #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/eHuWCLFEOJ
ব্রিসবেন রোরের হয়ে ১০৪টি, ব্ল্যাকপুলের হয়ে ৯২টি ও অ্যাক্রিংটন স্ট্যানলির হয়ে অলড্রেড ৮৪টি ম্যাচ খেলেছেন। ব্ল্যাকপুলের হয়ে সাতটি, মাদারওয়েলের হয়ে চারটি (একবার লোনে খেলে), অ্যাক্রিংটন ও ব্রিসবেনের হয়ে তিনটি করে গোল রয়েছে তাঁর।
মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনার কথায়, অলড্রেড অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার। তিনি আসায় আমাদের রক্ষণ মজবুত হলো। দীর্ঘদেহী, শক্তিধর অলড্রেড আগ্রাসী মেজাজে রক্ষণ সামলান। এরিয়াল বলে যেমন দাপট দেখাতে পারেন, তেমনই প্লে বিল্ড-আপেও তাঁর ভূমিকা থাকে।
অলড্রেড বলেন, আমি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পেরে আনন্দিত। সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ সম্মানের। খেলা শুরুর জন্য অপেক্ষা করছি। আমার কেরিয়ার শুরু হয়েছিল ইংল্যান্ডে। স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার ভারতেও খেলব। আইএসএল, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এই অসাধারণ ক্লাবের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছি। দলের চাহিদা পূরণ করে সাফল্য এনে দিতে চাই।
অলড্রেড ইতিমধ্যেই মোহনবাগানের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের কথাও জেনে ফেলেছেন। কিছু খেলাও দেখেছেন মোহনবাগান সুপার জায়ান্টের। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ধরা পড়েছে অলড্রেডের বক্তব্যে। কঠোর পরিশ্রম করে ক্লাব, সমর্থক ও সতীর্থদের জন্য অবদান রাখতে চান। কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন। জানিয়েছেন, শীঘ্রই সকলের সঙ্গে দেখা হবে।












Click it and Unblock the Notifications