FIFA World Cup 2022: এমবাপেকে কোন রণকৌশলে থামাবেন? ফ্রান্স ম্যাচের আগে তুরুপের তাস চেনালেন মরক্কো কোচ
চলতি ফিফা বিশ্বকাপে এখনও অবধি অপরাজেয় মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে অ্যাটলাস লায়নরা পৌঁছে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে। সেমিফাইনালে আগামীকাল প্রতিপক্ষ ফ্রান্স। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুর মতো তারকারা রয়েছেন সোনার বুটের দৌড়ে। এই পরিস্থিতিতে মরক্কোর হেড কোচ ওয়ালিদ রেগরাগুই এমবাপেকে সমীহ করলেও বাড়তি গুরুত্ব দিতে চাইলেন না।

একা এমবাপেকে নয়, গোটা ফ্রান্স দলকেই সমীহ করছেন মরক্কোর হেড কোচ। ফলে আলাদা করে এমবাপেকে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন না। তাঁর কথায়, আমি এমবাপের মোকাবিলার জন্য কোনও ভিন্ন ট্যাকটিক্যাল পরিকল্পনা রাখছি না। ফ্রান্স দলে অনেক ভালো ফুটবলার রয়েছেন। গ্রিজম্যান দারুণ ছন্দে রয়েছেন। উইং ধরে খেলার নিরিখে এমবাপের সমকক্ষ দেম্বেলে। ফলে শুধু আলাদা করে এমবাপের দিকে ফোকাস করলে তা আমাদের ভুলই হবে। ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বমানের ফুটবলাররা রয়েছেন। সেমিফাইনালে ফ্রান্স সর্বশক্তি দিয়েই ঝাঁপাবে।
এমবাপে খেলেন পিএসজিতে। সেই দলের হয়েই ক্লাব ফুটবল খেলেন মরক্কোর বড় ভরসা আশরাফ হাকিমি। পিএসজি-র এই দুই তারকার দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন মরক্কোর কোচ। তিনি বলেন, আমার চেয়েও এমবাপেকে ভালো করে চেনেন আশরাফ। রোজ একসঙ্গে তাঁরা অনুশীলন করেন। ফলে এমবাপেকে মোকাবিলার বিষয়টি সম্পর্কে আমার চেয়ে আশরাফই বেশি ওয়াকিবহাল। হাকিমি নিজেও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ফলে দুই ফুটবলারের উপভোগ্য দ্বৈরথ হতে চলেছে।
ফাইনালে পৌঁছে মরক্কোর ইতিহাস গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী দলের হেড কোচ। তিনি বলেন, সেমিফাইনালে উঠে যদি কেউ সাফল্যের জন্য ক্ষুধার্ত না থাকেন তাহলে সমস্যা। অনেকেই বিশ্বকাপে এই পর্যায়ে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেন না। বিশ্বের সেরা দল ব্রাজিল ছিটকে গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে আমরা উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষুধার্ত দল। তবে সেটা শেষরক্ষা করতে পারবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। যদিও আমরা সকলেই নতুন ইতিহাস রচনা করার বিষয়ে আত্মবিশ্বাসী। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে মরক্কো একটি ম্যাচেও হারেনি। মাত্র ১টি গোল হজম করেছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র, বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারায়। রাউন্ড অব সিক্সটিনে মরক্কো টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায়, কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়েছে ১-০ গোলে। অন্যদিকে, ফ্রান্স অস্ট্রেলিয়াকে ৪-১ ও ডেনমার্ককে ২-১ গোলে হারানোর পর তিউনিসিয়ার কাছে ১ গোলে পরাস্ত হয়েছিল। রাউন্ড অব সিক্সটিনে পোল্যান্ডকে ৩-১ ও কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছে দিদিয়ের দেশঁর দল।












Click it and Unblock the Notifications