ক্রোয়েশিয়ার জার্সিতে কি আর দেখা যাবে লুকা মদ্রিচকে? বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করে জানিয়ে দিলেন পরিকল্পনা
ক্রোয়েশিয়ার জার্সিতে কি আর দেখা যাবে লুকা মদ্রিচকে?
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মনে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল মিডফিল্ডার মদ্রিচ। ক্রোয়েশিয়া থেকে আসা এই ফুটবলারটি নিজের দক্ষতার উপর ভর করে স্থান করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা মিডফিল্ডারদের তালিকায়।

নেশনস লিগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান মদ্রিচ:
কাতারে খুব সম্ভব কেরিয়ারের শেষ বিশ্বকাপটি খেলে ফেললেন মদ্রিচ। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে খেতাব জয়ের স্বপ্ন হাতছাড়া হলেও রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াকে তৃতীয় স্থান এনে দিয়েছেন। মরক্কোর বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে জয়ের পর মদ্রিচ জানিয়েছে আগামী বছর উয়েফা নেশনস কাপ পর্যন্ত ক্রোয়েশিয়ার জার্সিতে খেলা চালিয়ে যেতে চান তিনি এবং ২০২৬ ইউরো কাপে খেলারও সিদ্ধান্ত নিতে পারেন তিনি যদি মনে করেন।

যা বলেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক:
অনেকেই মনে করেছিলেন বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সফর শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবেন মদ্রিচ কিন্তু তারকা মিডফিল্ডারের অন্য পরিকল্পনাই রয়েছে। বিন স্পোর্টসকে লুকা মদ্রিচ বলেছেন, "আমি জানি না জার্মানিতে হতে চলা ইউরো ২০২৬ পর্যন্ত খেলব কি না। আমি স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আমি জাতীয় দলে খেলা উপভোগ করছি এবং আমি খুশি দেশের জার্সিতে খেলে। আমি এখনও মনে করি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার ক্ষমতা রয়েছে আমার। পরে ইউরো নিয়ে ভাববার অনেক সময় পাব। এখনও স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে চাই এবং অন্তত আগামী বছর নেশানস লিগ পর্যন্ত খেলতে চাই এবং পরেরটা পরে ভাবব।"

কাতার বিশ্বকাপের ব্রোঞ্জ জেয়ে ক্রোয়েশিয়া:
রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোয়েশিয়া এ বার ফাইনাল পর্যন্ত পৌঁছতে না পারলেও ব্রোঞ্জ খেতাব জিততে পারায় খুশি দলের অধিনায়ক লুকা মদ্রিচ। তিনি বলেছেন, "এই পদকের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রোয়েশিয়া এবং বিজয়ী হয়েই আমরা কাতার ছাড়ছি।" এক দশকেরও বেশি সময় ধরে ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য তাদের অধিনায়ক লুকা মদ্রিচ। তাঁর নেতৃত্বেই রাশিয়ায় চার বছর আগে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয়েছিল ক্রোয়েশিয়া দল।

মদ্রিচ দীর্ঘ দিন ক্রোয়েশিয়ার হয়ে খেলবেন আশাবাদী ডালিচ:
ক্রোয়েশিয়ার কোচ জালটকো ডালিচ আশা করেন লুকা মদ্রিচ দেশের জার্সিতে খেলা চালিয়ে যাবেন। তিনি বলেছেন, "কিছু মানুষ ভাবতে পারেন এখানেই ও শেষ করবে কিন্তু আমি মনে করি দীর্ঘ সময় লুকা আমাদের সঙ্গে থাকবে। ও আমাদের অধিনায়ক, ও আমাদের বস, আমাদের নেতা এবং প্রত্যেকে ওকে অনুসরণ করে। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ও। ওর বয়স ৩৭ বছর কিন্তু খেলে ২৫ বছরের ছেলের মতো। আমি ওর জন্য অত্যন্ত খুশি।"












Click it and Unblock the Notifications