FIFA World Cup 2022: ক্রোয়েশিয়া হারাল মরক্কোকে, বিশ্বকাপ অভিযান শেষ করল তৃতীয় স্থান দখল করে
ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে অভিযান শেষ করল গতবারের রানার-আপ ক্রোয়েশিয়া। মরক্কোকে হারাল ২-১ গোলে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম চারে থাকল মরক্কো। ম্যাচের প্রথমার্ধেই হয় তিনটি গোল। জোস্কো ভার্দিওল ও মিসলাভ ওরসিচ ক্রোটদের হয়ে গোলগুলি করেন, মরক্কোর একমাত্র গোলটি আচরফ দারির।

ক্রোটদের এগিয়ে দেন ভার্দিওল
দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের সাত মিনিটে ভার্দিওলের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এর ঠিক ২ মিনিট পরেই সমতা ফেরান দারি। ৪২ মিনিটে দর্শনীয় গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ওরসিচ। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়া প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে। ৭ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল পায় ক্রোয়েশিয়া। পেরিসিচের হেড ধাবমান ভার্দিওলের পায়ে পড়তেই তিনি ইয়াসিন বোনোকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন।

সমতা ফেরাল মরক্কো
যদিও এর ২ মিনিট পরেই সমতা ফেরায় মরক্কো। এই গোলটিও ফ্রি কিক থেকেই আসে। হাকিম জিয়েচের ভাসানো বল লুকা মদ্রিচের শরীরে লেগে গতিমুখ পরিবর্তন করে পৌঁছে যায় আচরফ দারির কাছে। ৯ মিনিটের মাথায় তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করে সমতায় ফেরান মরক্কোকে। এই গোলটি হজমের পরও ক্রোয়েশিয়া বলের উপর আরও নিয়ন্ত্রণ বাড়িয়ে মরক্কোর অর্ধে চাপ বজায় রাখতে থাকে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে ফেলে ক্রোটরা। বোনো প্রথমে লুকা মদ্রিদের প্রয়াস রুখে দেন, এরপর লিভাজার শটও বিপন্মুক্ত করে দেন। গোল পেতে মরিয়া ছিল অ্যাটলাস লায়নরা। আচরফ, এল-মেসিরিরা অবশ্য আর গোলমুখ খুলতে পারেননি।

জয়সূচক গোল ওরসিচের
৪২ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন ওরসিচ। ডায়নামো জাগরেবের এই ফরওয়ার্ড প্রতিপক্ষের বক্সে ঢুকে অত্যন্ত কুশলীভাবে শট প্রতিপক্ষের জালে জড়ান। তাঁর শট পোস্টে লেগে গোলে ঢুকে যায়। বিরতিতে ২-১ গোলেই এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। ঘুরে দাঁড়াতে কয়েকটি পরিবর্তন করে মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়েশিয়া আরও ব্যবধান বাড়াতে পারতো। ওরসিচের প্রয়াস মরক্কোর ডিফেন্ডারের শরীর ছুঁয়ে সাইড নেটে লাগে, যা স্বস্তি দেয় মরক্কো কিপার বোনোকে। চোটের কারণে দারি ও এল ইয়ামিক বেরিয়ে যাওয়ায় রক্ষণ আগলাতে মরক্কোকে ৬৬ মিনিটে বেঞ্চ থেকে ডিফেন্ডার নামাতে হয়। এরপর সমতা ফেরানোর লড়াই চালাতে থাকে মরক্কো। লিভাকোভিচকে একা পেয়েও এল-নেসিরি গোল করতে পারেননি।

চড়া মেজাজ
ম্যাচের মেজাজও ছিল বেশ চড়া। ৮৩ মিনিটে পেতকোভিচ পড়ে গেলে খেলা থামিয়েছিলেন রেফারি। যে কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন মরক্কোর ফুটবলাররা। এরপরও ক্রোটরাই মরক্কোর উপর চাপ বজায় রাখে। কোভাসিচের প্রয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ লগ্নে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল মরক্কো। যদিও এল-নেসিরি হেড পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। শেষ বাঁশি বাজতেই গতবারের রানার-আপ ক্রোয়েশিয়ার তৃতীয় স্থান নিশ্চিত হয়ে যায়। আফ্রিকার প্রথম দেশ হিসেবে প্রথম চারে থাকা মরক্কোর লড়াই ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকবে।
|
দ্বিতীয়বার তৃতীয় ও প্রথমবার চতুর্থ
ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এবার ক্রোটদের হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। ক্রোয়েশিয়া ১৯৯৮ সালের পর ফের এবার তৃতীয় স্থান দখল করল। সেবার ক্রোটদের হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। ব্রাজিল ফাইনালের টিকিট আদায় করেছিল নেদারল্যান্ডসকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে। ফাইনালে ব্রাজিলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ডাচদের ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছিল ক্রোয়েশিয়া।
Captured the hearts of us all, we'll be seeing you soon @EnMaroc 🇲🇦🦁 pic.twitter.com/nfARWEoAq7
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
🇭🇷🥉 pic.twitter.com/YefjC8HQRH
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022












Click it and Unblock the Notifications