FIFA World Cup 2022: ফ্রান্স বিশ্বকাপে মরক্কোকে হারাতেই নানা জায়গায় সংঘর্ষ, প্রাণ গেল শিশুর
মরক্কোর স্বপ্নের দৌড় থামিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স। রবিবার খেতাব দখলে রাখার লড়াইয়ে আর্জেন্তিনার সামনে দিদিয়ের দেশঁর দল। এরই মধ্যে গতকাল রাতে ফ্রান্স-মরক্কো ম্যাচ শেষ হতেই দুই দেশের সমর্থকদের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর আসছে। সংঘর্ষে এক বালকের মৃত্যু হয়েছে বলেও সংবাদসংস্থা সূত্রে খবর।

ব্রাসেলসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মরক্কোর সমর্থকরা। ফ্রান্স-মরক্কো দ্বৈরথকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঙ্গা বা হিংসার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। হঠাৎ শ-খানেক মরক্কো সমর্থক পুলিশকে লক্ষ্য করে বাজি ও নানা বস্তু নিক্ষেপ করতে শুরু করে। এই সমর্থকদের গায়ে জড়ানো ছিল মরক্কোর পতাকা। ব্রাসেলস সাউথ স্টেশনের কাছে পড়ে থাকা আবর্জনা রাখার ব্যাগ, কার্ডবোর্ডডের বাক্সে অগ্নিসংযোগ করতে থাকেন উন্মত্ত সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জলকামানের ব্যবহার করতে হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। পুলিশ জানিয়েছে, খুব বেশিক্ষণ এই অশান্তি চলেনি। কয়েকজনকে আটক করা হয়। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
যদিও ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের সংঘর্ষে এক বালকের মৃত্যু হয়েছে ফ্রান্সের মন্টপেলিয়ার শহরে। মরক্কোর অন্যান্য সমর্থকদের সঙ্গে ওই বালকটিও শহরের রাস্তায় হাঁটছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে অশান্তি চলাকালীন দক্ষিণ ফ্রান্সের ওই শহরে শিশুটিকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলেও প্রাণ বাঁচানো যায়নি। দুর্ঘটনাস্থলেই ছিল গাড়িটি। পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গাড়ির ধাক্কা নিহত বালক মরক্কোর সমর্থক। যে গাড়িটি শিশুটিকে ধাক্কা মারে সেই হ্যাচব্যাক গাড়ির জানালা দিয়ে ফ্রান্সের পতাকা ওড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়িটি হঠাৎ ইউ টার্ন নিতে গেলে তাঁর তলায় পিষ্ট হয় ওই বালক। ফ্রান্স ও বেলজিয়ামে এই ধরনের সংঘর্ষ হতে পারে তার আগাম খবর ছিল পুলিশের কাছে। সেই মতো তৎপর ছিল রায়ট পুলিশ। কোথাও সংঘর্ষ বড় ধরনের আকার নিতে পারেনি। যদিও গাড়িতে চাপা পড়ে নিরীহ শিশুর মৃত্যু ঠেকানো গেল না। বিভিন্ন শহরে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনাই বেশি ঘটেছে। পুলিশ আটক করেছে সংঘর্ষকারীদের। আফ্রিকার প্রথম দেশ হিসেবে এই প্রথম বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা মরক্কো গতবারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধেও লড়াকু ফুটবল খেলে সকলের মন জিতে নিয়েছে।












Click it and Unblock the Notifications