FIFA World Cup 2026: কোন দেশে কতগুলি ম্যাচ? উদ্বোধনী-ফাইনাল ম্যাচের ভেন্যু ঘোষণা করে দিল ফিফা
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। রবিবার গভীর রাতেই বিশ্বকাপের ভেন্যু এবং কোথায় কতগুলি ম্যাচ হবে তা ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। আগেই চূড়ান্ত ছিল আগামী বিশ্বকাপ একটি বা দুটি দেশে নয় হবে তিনটি দেশে। এই তিন দেশের মধ্যে কারা কোন ম্যাচ আয়োজন করবে তাও চূড়ান্ত হয়ে গেল।
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।

১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই।
ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে আগামী বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষনা করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।বিশ্বকাপ ফাইনাল খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ৮২ হাজার ৫০০ দর্শকাসনের এই স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল।
বিশ্বকাপের সম্পূর্ণ সূচি জানা যাবে ২০২৫ সালের শেষদিকে। ২০২৬ বিশ্বকাপে আমেরিকারই আধিপত্য থাকছে। এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। কানাডা এর আগে কখনও বিশ্বকাপের আয়োজন করেনি।আগামী বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়বে মেক্সিকো। একমাত্র দেশ হিসাবে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের আসর বসবে সেদেশে।
১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ দল নিয়ে। ধীরে ধীরে ৩২ দলের টুর্নামেন্ট হয়। ২০২২ সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কয়েকমাস পরই কোপা-ইউরো কাপও অনুষ্ঠিত হবে চলতি বছরে।












Click it and Unblock the Notifications