বার্সেলোনা, সেভিয়ার প্রাক্তন ফুটবলারকে পেতে ঝাঁপাল আইএসএল-এর এই ক্লাব
বার্সেলোনা, সেভিয়ার প্রাক্তন ফুটবলারকে পেতে ঝাঁপাল আইএসএল-এর এই ক্লাব
আসন্ন আইএসএল-এ দেখা যেতে পারে লা লিগায় দাপিয়ে খেলা স্প্যানিশ ডিফেন্ডার মার্ক ভ্যালিয়েন্টেকে। লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার বার্সেলোনা 'সি' এবং বার্সেলোনা 'বি' দলের হয়ে খেলার পর বার্সার মূল দলে সুযোগ পান। যদিও কাতালান দলটির হয়ে লা লিগায় তাঁক অভিষেক হয়নি।

২০০৮ সালে সেভিয়ার জার্সিতে লা লিগায় অভিষেক হয় মার্কের। ২০১০ পর্যন্ত এই হাইপ্রোফাইল স্প্যানিশ দলের হয়ে খেলেন তিনি। সেভিয়ার হয়ে ৫৮ ম্যাচ খেলে একটি গোল করেন এই ডিফেন্ডার। এর পর তিনি যোগ দেন ভালদোলিদে। রিয়াল ভালদোলিদের হয়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর খেলেন মার্ক। ভালদোলিদের হয়ে সেগুন্ডা ডিভিশন এবং লা লিগায় খেলেন তিনি । ২০১৯ থেকে স্পোর্টিং গিজনের হয়ে সেগুন্ডা ডিভিশনে খেলছে এই বর্ষীয়ান ডিফেন্ডার।
স্প্যানিশ ফুটবলের প্রথম দুই ডিভিশনে দীর্ঘ দিন সুনামের সঙ্গে খেলা এই ডিফেন্ডারকে নেওয়ার জন্য এ বার ঝাঁপাল আইএসএল-এর ক্লাব এফসি গোয়া। সূত্রের খবর, ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে দীর্ঘ মেয়াদি চুক্তি এবং মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে গৌরস'দের পক্ষ থেকে। তবে, বর্তমানে প্রাথমিক স্তরে কথা চলছে। এখনও জোর দিয়ে বলার মতো পরিস্থিতি আসেনি যে আসন্ন আইএসএল-এ মার্ক ভ্যালিয়েন্টেকে। মার্ক স্পেনের বয়স ভিত্তিক দলে খেলেছেন।
নতুন মরসুমের জন্য ক্লাবের প্রাক্তন ফুটবলার কার্লোস পেনাকে প্রধান কোচ করেছে এফসি গোয়া। ৩৮ বছর বয়সী প্রাক্তন এই স্প্যানিশ ফুটবলার খেলেছেন ভালদোলিদ, গেটাফের মতো ক্লাবে। পেনাও উঠে এসেছেন লা মাসিয়া অ্যাকাডেমি থেকে এবং খেলেছেন বার্সার 'বি' এবং 'সি' দলে। স্পেনের বয়স ভিত্তিক দলেও খেলেছেন তিনি। ২০১৮-২০২০ পর্যন্ত এফসি গোয়ার হয়ে খেলেন তিনি।
অপর দিকে, গোকুলাম কেরল ধরে রাখল তাদের পর পর মরসুমে আই লিগ জয়ের প্রধান কারিগর আমিনউ বৌবাকে। বৌবাকে পাওয়ার জন্য ছিপ ফেলেছিল মহমেডান স্পোর্টিং। তাঁর এজেন্টের সঙ্গেও সাদা-কালো কথা চালাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত কেরলের আই লিগ জয়ী ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্যামেরুনের জাতীয় দলের এই ফুটবলার। গত আই লিগের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন তিনি। গোকুলাম কেরলের নজরে রয়েছে ঘানার এক ফরওয়ার্ড। সব কিছু ঠিক থাকলে ইউনিসফ ইয়াকুবুর দেশের ফুটবলারকে দেখা যেতে পারে ভারতীয় ক্লাব ফুটবলে। প্রাথমিক স্তরে কথা চলছে।












Click it and Unblock the Notifications