Euro Cup 2024: ইউরোতে ইন্দ্রপতন! ইতালির খেতাব দখলে রাখার স্বপ্ন চুরমার সুইস দাপটে
Euro Cup 2024: ইউরো কাপে ইন্দ্রপতন। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন ইতালি। বার্লিনে রাউন্ড অব সিক্সটিনের দ্বৈরথে জয় ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড।
প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় সুইসরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল। ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি ব্যর্থতার দায়ভার নিয়েছেন নিজের কাঁধেই।
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রুবেন ভার্গাসের ক্রস থেকে গোল করে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দেন রেমো ফ্রেউলার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২৭ সেকেন্ডে অসাধারণ শটে গোল করে ইতালিকে লড়াই থেকেই ছিটকে দেন ভার্গাস।
গ্রুপ বি-তে ৯৯ মিনিটের গোলে সমতা ফিরিয়ে ইতালি নক আউটে উঠেছিল। কিন্তু এদিনের প্রি-কোয়ার্টারে ফের হতাশাজনক ফুটবলই উপহার দিল ইতালি। এবার তারা যে খেতাব ধরে রাখতে পারবে সেই আশা কেউ করেননি। যাঁরা করেছিলেন তাঁদের স্বপ্নভঙ্গ হলো।
ইতালির সামনে স্পেনের কীর্তি স্পর্শের হাতছানি ছিল। ২০০৮ ও ২০১২ সালে স্পেন ইউরো কাপ জিতেছিল। স্প্যানিশ আর্মাডা ছাড়া আর কেউই আজ অবধি ইউরো কাপ দখলে রাখতে পারেনি। স্পালেত্তির কোচিংয়ের প্রথম টুর্নামেন্টেই হোঁচট খেল ইতালি। সুইসরা কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।
সুইসরা এই ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়েছে। ২৪ মিনিটে এক বনাম এক পজিশন থেকে ব্রিল এমবোলোর শট বাঁচান ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। প্রথমার্ধের ইনজুরি টাইমেও তিনি ফ্যাবিয়ান রাইডারের প্রয়াস রুখে দেন। ইতালি ভুগল ফাইনাল থার্ডের দুর্বলতায়।
ইতালির কোচ স্পালেত্তি বলেন, বিরতির পরই গোল হজম করাটা দলের মনোবলে ধাক্কা দেয়। দল যে গতি মন্থরতায় ভুগেছে তার কারণ হিসেবে ক্লাব ফুটবলের দীর্ঘ মরশুম ও গরমের দিকে আঙুল তুলেছেন ইতালির কোচ। দলের ব্যর্থতার দায়ভার নিয়েও তিনি জাতীয় দলকে তৈরি করার পর্যাপ্ত সময় পাননি বলেও জানিয়েছেন। ব্যর্থতার দায়ভার নেওয়ার কথা জানানোর পাশাপাশি ঘুরে দাঁড়ানোর আশাপ্রকাশ করেন অধিনায়ক দোন্নারুম্মা।













Click it and Unblock the Notifications