Euro Cup 2024: ইউরো কাপে জুটি বাঁধছেন ভাইচুং-সুনীল, দেখা যাবে কোন ভূমিকায়?
Euro Cup 2024: কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় উদ্বোধনী ম্যাচে আয়োজক জার্মানির সঙ্গে স্কটল্যান্ড। প্রতিযোগিতার ফাইনাল ১৪ জুলাই।
এবারের গোটা প্রতিযোগিতাই সম্প্রচার করবে সোনি স্পোর্টস। ইউরোপীয় ফুটবলের সঙ্গে অনেকদিন ধরেই গাঁটছড়া বেঁধেছে সোনি নেটওয়ার্ক। ইউরো কাপ সম্প্রচারের ফলে আরও সুদৃঢ় হতে চলেছে সেই সম্পর্ক।

সুনীল ছেত্রী চলতি মাসেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এবার তাঁকে ইউরো কাপের আসরে দেখা যাবে ভাইচুং ভুটিয়ার সঙ্গে। খেলার আগে, বিরতি ও শেষে যে বিশেষজ্ঞজের আলোচনা সম্প্রচারিত হয়, ইউরো কাপে সেই'ফুটবল এক্সট্রা' প্যানেলে দেখা যাবে সুনীল ছেত্রী ও ভাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ভারত অধিনায়কদের।
এ ছাড়াও থাকবেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু ও ভারতের প্রাক্তন ফরওয়ার্ড রবিন সিং। থাকছেন আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক প্যাট্রিস এভ্রা ও ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমস, ডন হাচিসন, টেরি ফেলান, অ্যাশলে ওয়েস্টউড এবং মার্ক সিগ্রিভস।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন আদ্রিয়ানো দেল মন্টে, অলিভিয়া বাজাগলো, মানস সিং ও অর্পিত শর্মা। জার্মানি থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে যাঁরা ইউরো উত্তেজনা আরও বাড়িয়ে তুলবেন বলে দাবি করেছে সোনি স্পোর্টস। ইংরেজির পাশাপাশি হিন্দি, মালয়ালম, তেলুগু, তামিল এবং বাংলাতেও পাওয়া যাবে এবারের সম্প্রচার।
সোনি স্পোর্টস টেন ২ এবং এইচ ডি-তে দেখা যাবে ইংরেজি সম্প্রচার। সোনি স্পোর্টস টেন ৩ এবং এইচ ডি-তে থাকছে হিন্দি সম্প্রচার। তামিল ও তেলুগুতে সম্প্রচার হবে সোনি স্পোর্টস টেন ৪ ও এইচ ডি-তে। বাংলা ও মালয়ালমে সম্প্রচার হবে সোনি স্পোর্টস টেন ৫ ও এইচ ডি-তে।
এবারের ইউরোয় অংশ নিচ্ছে ফিফা র্যাঙ্কিং-য়ে প্রথম দশের মধ্যে থাকা আটটি দল। যার জেরে এবারের ইউরোয় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল), হ্যারি কেন (ইংল্যান্ড), ক্রিশ্চিয়ান এরিকসেন (ডেনমার্ক), কিলিয়ান এমবাপে (ফ্রান্স) এবং টোনি ক্রুসকে (জার্মানি)। যাঁরা বিভিন্ন ম্যাচে একে অপরের মুখোমুখি হবেন।
সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার স্পোর্টস বিজনেসের বিপণন ও আন্তর্জাতিক বিভাগের চিফ রেভিনিউ অফিসার রাজেশ কল বলছেন, চলতি বছরের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা হিসাবে যুক্ত থাকতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ম্যাচ তো দর্শকদের আকর্ষণ করবেই। এছাড়া, প্যাট্রিস এভ্রা, ডেভিড জেমস, ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীর মতো তারকারাও স্টুডিওতে থাকবেন।
সুনীল ছেত্রীর কথায়, উয়েফা ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। সোনি নেটওয়ার্কের প্যানেলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ফুটবল এক্সট্রা অনুষ্ঠানটি প্রত্যেক ফুটবল অনুরাগী দেখতে পাবেন। অন্যান্য বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভালোভাবে বুঝতেও পারবেন।
ডেভিড জেমস বলছেন, এবারের ইউরোয় দুর্দান্ত সব দল এবং খেলোয়াড় রয়েছেন। অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে। অনেক খেলোয়াড় নিজেদের সেরা ছন্দে রয়েছেন এবং আন্ডারডগ হিসাবে শুরু করা দলগুলিও চমক দিতে পারে। সোনি স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যেখানে অভিজ্ঞতা, বিশ্লেষণ, মজার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনাও থাকবে। সবমিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে।
প্রতিযোগিতার আগে, সোনি স্পোর্টস নেটওয়ার্ক তার ২০২৪ সালের ইউনিভার্স কা সবচেয়ে বড় ফুটবল ফেস্টিভাল প্রচারাভিযান চালু করেছে, যেখানে বলিউড সেনসেশন এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কের ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে। বলিউড অভিনেতা একজন এলিয়েনের রূপে ভক্তদের ইউইএফএ ইউরো ২০২৪-এর প্রতি উৎসাহ প্রদর্শন করেছেন।












Click it and Unblock the Notifications