Euro Cup 2024: ইউরো কাপে অঘটন! লুকাকুর জোড়া গোল বাতিল, বেলজিয়ামকে হারাল স্লোভাকিয়া
Euro Cup 2024: ইউরো কাপে এখনও অবধি সবচেয়ে বড় অঘটন ঘটাল স্লোভাকিয়া। ১-০ গোলে হারিয়ে দিল বেলজিয়ামকে। রোমেলু লুকাকু বল দু-বার প্রতিপক্ষের জালে জড়ান।
যদিও বেলজিয়াম তারকার এই দুটি প্রয়াসও ভিএআর চেকের পর বাতিল বলে ঘোষণা করেন রেফারি।

বল দখলের লড়াই থেকে পাস, গোলমুখী শট সব ক্ষেত্রেই আধিপত্য বজায় ছিল বেলজিয়ামের। ৩ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুকাকু। এরই মধ্যে ৭ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ইভান স্ক্রাঞ্জ। বেলজিয়ামের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে।
২১ মিনিটে লিন্দ্রো ট্রোসসার্ড খালি গোলপোস্ট পেয়েও তিনকাঠিতে বল রাখতে পারেননি। বেলজিয়াম গোল শোধের চেষ্টা চালালেও স্লোভাকিয়ার রক্ষণভাগ কাজ কঠিন করে দেয় এই ম্যাচের ফেভারিটদের।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপায় বেলজিয়াম। বেলজিয়ামের সর্বাধিক গোলদাতা ৫৬ মিনিটে স্লোভাকিয়ার জালে প্রথমবার বল জড়ান। যদিও ভিএআরে অফ-সাইড স্পষ্ট হওয়ায় এই গোলটি বাতিল হয়ে যায়। ৬২ মিনিটে বেলজিয়ামের বাকায়োকো ফাঁকা গোলে শট নেন, স্লোভাকিয়ার হেনকো গোললাইন সেভ করেন।
৮৬ মিনিটে ফের স্লোভাকিয়ার জালে বল পাঠান লুকাকু। লোইস ওপেন্দার থেকে বল পেয়েছিলেন অরক্ষিত অবস্থায় থেকে। গোল করতে কোনও ভুল করেননি। কিন্তু এই গোলটিও ভিএআরের দ্বারা বাতিল হয়ে যায়। লুকাকুকে পাস বাড়ানোর আগে বল ওপেনদার হাতে লেগেছিল। ফলে ফের দুর্ভাগ্যের শিকার হয় বেলজিয়াম।
গ্রুপ ই-তে রোমানিয়া ৩-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। তাদের মতো স্লোভাকিয়ারও পয়েন্ট হলো তিন। গোলপার্থক্যে অবশ্য এগিয়ে রোমানিয়া। আগামী শুক্রবার স্লোভাকিয়া খেলবে ইউক্রেনের বিরুদ্ধে। শনিবার রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ রোমানিয়া।












Click it and Unblock the Notifications