Euro Cup 2024: ২৪ বছর পর ইউরো কাপে জয় রোমানিয়ার, উড়িয়ে দিল ইউক্রেনকে
Euro Cup 2024: ২৪ বছর পর ইউরো কাপে জয়ের মুখ দেখল রোমানিয়া। ই গ্রুপের ম্যাচে বড় জয় দিয়েই অভিযান শুরু করল তারা। ৩-০ গোলে হারাল ইউক্রেনকে।
বিরতিতে রোমানিয়া ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল। ২০০০ সালের ইউরো কাপে ইংল্যান্ডকে হারানোর পর আর কখনও জিততে পারেনি রোমানিয়া।
ম্যাচের প্রথম ২০ মিনিট আধিপত্য ছিল সের্গেই রেবরভের প্রশিক্ষণাধীন ইউক্রেনের। ২৯ মিনিটে অধিনায়ক নিকোলায় স্ট্যান্সিউ দূরপাল্লার শটে গোল করে এগিয়ে দেন রোমানিয়াকে। আন্দ্রি লুনিনের ভুল পাস নিজের দখলে নেন ডেনিস ম্যান, তাঁর থেকেই বল পেয়ে দুরন্ত গোল স্ট্যান্সিউয়ের।
ম্যাচের ৫৩ মিনিটে রাজভান মারিন ২৫ গজ দূর থেকে যে নীচু শট মারেন তা ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি রিয়াল মাদ্রিদে খেলা গোলকিপার লুনিন। রোমানিয়া এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এর ঠিক চার মিনিট পরেই রোমানিয়া পেয়ে যায় তৃতীয় গোলটি। এই গোলটি করেন ড্রাগুস।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ইউক্রেনের কাছে। রোমান ইয়ারেমচুকের শট ক্রসবারে প্রতিহত হয়। ২০০০ সালের ইউরো কাপে রোমানিয়া ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে। পরবর্তী ইউরো ম্যাচ জেতার জন্য তাদের অপেক্ষা করতে হলো ২৪ বছর।
রোমানিয়ার হয়ে ড্রাগুসের সঙ্গে নজর কাড়লেন রাদু ড্রাগুসিন। সেন্টার ব্যাক হিসেবে তিনি অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেন। দুটি গোলের ক্ষেত্রে অবদান বা অ্যাসিস্ট ম্যানের। ইউরোর মতো বড় টুর্নামন্ট বা মেজরের কোনও ম্যাচে জোড়া অ্যাসিস্টে তিনি ছুঁলেন ১৯৯৪ সালে কলম্বিয়ার বিরুদ্ধে ঘিওরহে হাজির কীর্তি।













Click it and Unblock the Notifications