Euro Cup 2024: ইউরো কাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছল সুপার কম্পিউটার! হ্যারি কেনের ইংল্যান্ড কতটা প্রস্তুত?
Euro Cup 2024: ইউরো কাপের আসর বসছে জার্মানিতে। শুক্রবার থেকে শুরু ইউরোপের সেরা হওয়ার লড়াই। এরই মধ্যে সুপার কম্পিউটার অপ্টা বেছে ফেলল সম্ভাব্য চ্যাম্পিয়ন।
পরিসংখ্যানগত নানাদিক চুলচেরা বিশ্লেষণের পর অপ্টা সামান্য হলেও এগিয়ে রেখেছে ইংল্যান্ডকে। সামান্য পিছিয়ে ফ্রান্স।

অপ্টা মনে করছে, এবারের ইউরো কাপ খেতাব জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা ইংল্যান্ডের। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৯.৯ শতাংশ। ফ্রান্সের খেতাব জেতার সম্ভাবনা ১৯.১ শতাংশ। উল্লেখ্য, সর্বশেষ ইউরো কাপে রানার-আপ হয়েছিল ইংল্যান্ড। আজ অবধি একবারই ফাইনালে উঠে তাদের হার ইতালির কাছে।
ফ্রান্স ১৯৮৪ ও ২০০০ সালে ইউরো কাপ জিতেছিল। রানার-আপ হয় ২০১৬ সালে। সুপার কম্পিউটারের বিচারে আয়োজক জার্মানির খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে ১২.৪ শতাংশ। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৯.৬ শতাংশ, পর্তুগালের ক্ষেত্রে ৯.২ শতাংশ, নেদারল্যান্ডসের ৫.১ শতাংশ, ইতালির ৫ শতাংশ ও বেলজিয়ামের ৪.৭ শতাংশ।
ইংল্যান্ডের ম্যানেজার বা হেড কোচ গ্যারেথ সাউথগেট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবার খেতাব জিততে না পারলে এই টুর্নামেন্টই তাঁর দেশের কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট হতে চলেছে। ইংল্যান্ড দলেও এবার অনেক তরুণ ফুটবলার। বিশ্বকাপ বা ইউরোকে মেজর টুর্নামেন্ট বলা হয়। যা এবারই প্রথম খেলবেন ইংল্যান্ড দলের প্রায় অর্ধেক ফুটবলার।
দেশের হয়ে ৬৩টি ম্যাচ খেলা হ্যারি ম্যাগুয়ার, জাতীয় দলের হয়ে ৩৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন জ্যাক গ্রিলিশকে এবার ইউরো কাপের দলে রাখেননি সাউথগেট। সাফল্যের বিষয়ে অনেকটাই নির্ভর করতে হবে অধিনায়ক হ্যারি কেনের উপর।
যদিও ইউরো কাপ খেলতে যাওয়ার আগে ওয়েম্বলি স্টেডিয়ামে আইসল্যান্ডের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের সাক্ষী হতে হয়েছে ইংল্যান্ডকে। যার জন্য ইংল্যান্ড দলকে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে। যদিও ইউরোর আগে এই হারকে ইতিবাচক ওয়েক-আপ কল হিসেবে দেখছেন কেন। দল ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী তিনি।
ইংল্যান্ড ইউরো কাপ অভিযান শুরু করবে রবিবার সার্বিয়া ম্য়াচ দিয়ে। এই খেলাটি শুরু ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়। এরপর ২০ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ডেনমার্কের মুখোমুখি হবে গতবারের রানার-আপরা। ২৫ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। গতবার খেতাব অধরা ছিল। ট্রফির কাছাকাছি গিয়েও ছোঁয়া হয়নি। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর থেকে আর কোনও মেজর জিততে না পারার খরা এবারই মেটাতে দৃঢ়প্রতিজ্ঞ ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications