Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে উপর্যুপরি হার! সাউথগেটের পদত্যাগ, ইংল্যান্ডের ম্যানেজারের দৌড়ে কারা?
Euro Cup 2024: ইউরো কাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ২ দিনের মাথায় পদত্যাগ করলেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট। তাঁর প্রশিক্ষণাধীন ইংল্যান্ড ৮ বছরে ১০২টি ম্যাচ খেলেছে।
পরপর দু-বারের ফাইনালে উঠেও খেতাব অধরাই থেকে গিয়েছে। ফলে জল্পনা শুরু হয়েছিল, বিশ্বকাপ অবধি সাউথগেট থাকবেন কিনা তা নিয়ে। অবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন সাউথগেট।
২০২১ সালে হয়েছিল ইউরো কাপের ২০২০ সংস্করণের খেলাগুলি। সেবার ফাইনালে ইতালির কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরেছিল সাউথগেটের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড। এবার বার্লিনে স্পেনের কাছে ফাইনালে ১-২ গোলে পরাস্ত হয় ইংল্যান্ড। চলতি বছরে চুক্তি শেষের আগেই সরে গেলেন সাউথগেট।
ইংল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি দেশকে কোচিং করানোর সুযোগ পেয়ে তিনি সম্মানিত ও গর্বিত বলে জানিয়েছেন সাউথগেট। তাঁর কথায়, নিজের সেরাটাই দিয়ে এসেছি দুই ভূমিকাতেই। কিন্তু পরিবর্তন, নতুন অধ্যায়ের সূচনার সময় এসে গিয়েছে।
সাউথগেটের উত্তরসূরী বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ এগজিকিউটিভ মার্ক বালিংহ্যাম। ৭ সেপ্টেম্বর নেশনস লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। তাঁর আগে স্থায়ী ম্যানেজার বা হেড কোচ পাওয়া না গেলে, অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা থাকছে।
১৯৬৬ সালের বিশ্বকাপ ইংল্য়ান্ড জিতেছিল স্যর আলফ রামসের প্রশিক্ষণে। তাঁর পর সাউথগেট ছাড়া আর কোনও ম্যানেজার ইংল্যান্ডকে মেজর টুর্নামেন্টের তুলতে পারেননি। তাঁর প্রশিক্ষণে ইংল্যান্ড চারটি মেজর টুর্নামেন্ট খেলেছে। ২০১৮ সালের বিশ্বকাপে গিয়েছিল সেমিফাইনাল অবধি, ২০২২-এ কোয়ার্টার ফাইনাল খেলেছিল থ্রি লায়ন্স।
১৯৬৬ সাল থেকে ২০১৬ সালে সাউথগেট দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ড সাতটি নক আউট ম্যাচ জিতেছিল। সাউথগেটের কোচিংয়ে সেই সংখ্যাটা ৯। তবে বেশ কিছুদিন ধরে তাঁর কোচিং স্ট্র্যাটেজি সমালোচিত হচ্ছিল। ইউরো কাপে স্লোভেনিয়া ম্য়াচ গোলশূন্য হওয়ার সাউথগেটকে লক্ষ্য করে প্লাস্টিকের কাপ ছোড়েন সমর্থকরা।
সাউথগেট অবশ্য মনে করেন, ইংল্যান্ড যেভাবে ইউরো কাপে খেলেছে তাতে ট্রফি জয় অসম্ভব ছিল না। ফুটবলারদের পাশে সকলকে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। তরুণ ফুটবলাররাই কাপ জেতাতে পারবেন বলে বিশ্বাস তাঁর। সমর্থকদের সঙ্গেই তিনি আগামী দিনে ইংল্যান্ড দলের কাছ থেকে স্মরণীয় মুহূর্তের প্রত্যাশা করছেন।
সাউথগেটের উত্তরসূরী হিসেবে যাঁদের নাম উঠে আসছে তাঁরা হলেন- লি কার্সলি (ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের ম্যানেজার), পেপ গুয়ার্দিওলা, এডি হাও, য়ুর্গেন ক্লপ, মরিসিও পোচেত্তিনো, গ্রাহাম পটার, থমাস টুখেল, কিরান ম্যাককেন্না, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, মাইকেল কারিক, ব্রেন্ডান রজার্স ও হোসে মরিনহো।













Click it and Unblock the Notifications