কলকাতা সফরে এসে দাদার থেকে ক্রিকেট শিখতে চান এমিলিয়ানো মার্তিনেস
আগামী জুলাই মাসের শুরুতেই কলকাতা সফরে আসছেন এমিলিয়ানো মার্তিনেস। তিলোত্তমায় এসে প্রিন্স অফ ক্যালকাটার সঙ্গে সাক্ষাত করবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক। দাদার সঙ্গে শুধু দেখাই করবেন না, বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ক্রিকেটেরও পাঠ নিতে চান প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে।
আগামী জুলাই মাসের ৪ তারিখে কলকাতায় পা রাখবেন মেসির সতীর্থ। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মার্তিনেসের তার মধ্যে অন্যতম দাদার সঙ্গে সাক্ষাত পর্ব। বিশ্বকাপের সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক নিজেও মহারাজের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। শনিবার ক্রীড়া উদ্যেগপতি শতদ্রু দত্ত সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন।

৮ জুলাই সৌরভের জন্মদিন। মহারাজকীয় জন্মদিনে বরাবরই চমক দিয়ে থাকেন শতদ্রু। এবার মার্তিনেসের উপস্থিতিতেই মহারাজের আগাম জন্মদিন সেলিব্রেশন হতেই পারে। অতীতে পেলে, মারাদোনা ভালদেরামা থেকে কাফু, কিংবদন্তিদের সঙ্গে এক মঞ্চে সৌরভকে দেখা গিয়েছে। এবার মহারাজকীয় হতে চলেছে মার্তিনেসের সঙ্গে সাক্ষাতপর্ব।

শুধু দাদা নয় একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একই উপহার পাঠাচ্ছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ভারতীয় ফুটবলের মক্কায় আসার জন্য উত্তেজিত মেসির সতীর্থ। কলকাতার ক্রীড়াপ্রেমীদের জন্য বার্তাও দিয়েছেন মার্তিনেস। অ্যাস্টন ভিলার গোলকিপার কলকাতাবাসীর জন্য আগাম বার্তাও পাঠিয়েছেন, "আমি খুব উত্তেজিত। সিটি অব জয়ে একাধিক কর্মসূচিও রয়েছে আমার।"
মার্তিনেসের কলকাতা সফর নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। বাংলার ক্রীড়া উদ্যেগপতি শতদ্রু দত্ত দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার এই গোলকিপারকে মহানগরীতে আনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে কিছুদিন আগে মার্তিনেসের তরফে সবুজ সংকেত মেলে।

এখনও পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে তাতে ৪ থেকে ৬ জুলাই হবে মার্তিনেসের কলকাতা সফর। মোহনবাগান মাঠে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখাও তাঁর সফরসূচির মধ্যে আছে।













Click it and Unblock the Notifications