Emami East Bengal: মধ্যরাতে সমর্থকদের আবেগে ভাসলেন কুয়াদ্রাত, ম্যাচ দেখতে নৈহাটি যাবেন স্প্যানিশ কোচ?
ওয়েলকাম কার্লোস কুয়াদ্রাত। শনিবার সকালে কলকাতায় এসে পৌঁছেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো। তার আগমনের ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতীয় ফুটবলের মক্কায় পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বিমান বন্দরে পা রেখেই কলকাতা ফুটবলের পার্লসটা টের পেয়ে গেলেন স্প্যানিশ কোচ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল কলকাতা বিমান বন্দর ছিল সবুজ মেরুন সমর্থকদের দখলে। রবিবার রাতে বিমান বন্দরের রং লাল হলুদ। নতুন হেডস্যার এবং তাঁর সহকারিদের বরণ করে নিতে গভীর রাতেও বিমান বন্দরে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা।

রবিবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বহু লাল হলুদ সমর্থক। দলের নতুন কোচের নামে জয়ধ্বনি দিয়ে বিমানবন্দর চত্বর ভরিয়ে তোলেন তাঁরা। স্প্যানিশ কোচ বাইরে বেরনোর সঙ্গে সঙ্গেই হাততালি আর গানবাজনায় তাঁকে স্বাগত জানায় লাল হলুদ ভক্তরা। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে। গলায় পরিয়ে দেওয়া হয় লাল-হলুদ উত্তরীয়।
কোচকে স্বাগত জানাতে ক্লাবের কর্ম সমিতির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন মধ্যরাতে বিমান বন্দরে।কার্লোসের সঙ্গে এসেছে লাল হলুদের সহকারী কোচ দিমাস ডেলগাডোও এবং সাপোর্ট স্টাফ আলবার্ট মার্টিনেজ।

বিনো জর্জের অধীনে সিনিয়র টিমের ফুটবলারা আগেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এবার দলের হাল ধরবেন কুয়াদ্রাত। ভিসা সমস্যার জন্য শহরে আসতে কিছুটা দেরি হল কার্লোসের। একই সমস্যা রয়েছে বিদেশি ফুটবলাররদের ক্ষেত্রেও। তাঁরা কবে আসবেন তা এখনও স্পষ্ট নয়।
সোমবার কলকাতা লিগে বিএসএস-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। নৈহাটিতে এই ম্যাচ দেখতে যেতে পারেন লাল হলুদের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। এবার জয়ের হ্যাটট্রিকের হাতছানি কোচ বিনো জর্জের ছেলেদের সামনে। ম্যাচের আগে সতর্ক লাল-হলুদ কোচ বিনো জর্জ।
রবিবার অনুশীলন শুরুর আগে প্রায় আধ ঘণ্টা ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। যা আসলে গত ম্যাচের ভুলত্রুটি শুধরে লাস্ট মিনিট সাজেশন। চোট থেকে ফিরে রবিবারের অনুশীলনে যোগ দিলেন অতুল উন্নিকৃষ্ণান। দলের সঙ্গেই প্রাকটিস করলন তিনি। লাল হলুদ অনুশীলনে যোগ দিয়েছেন মহেশ সিংও।

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাতে পারেন এবার স্পেন এবং অস্ট্রেলিয়ার দুই তারকা ডিফেন্ডার। স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাস এবং অস্ট্রেলিয়ার জর্ডন এলসের সঙ্গে কথাবার্তা কার্যত চূড়ান্ত। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শেই এই দুই ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications