ইস্টবেঙ্গলে জাপানি গোলমেশিন! হিরোশি ইবুসুকিকে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ অস্কার
আক্রমণভাগ মজবুত করতে ইস্টবেঙ্গল নিয়ে এলো জাপানি ফরওয়ার্ড। আজই ক্লাবের তরফে জানানো হলো, হিরোশি ইবুসুকি বর্তমান মরশুমের জন্য যোগদান করলেন। তাঁর চুক্তি আপাতত কার্যকর আগামী বছর চলতি মরশুমের শেষ অবধি।
অস্ট্রেলিয়ান এ-লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি থেকে লাল হলুদ বাহিনীতে এলেন ইবুসুকি। তাঁর ১২০টিরও বেশি গোল করার অভিজ্ঞতা রয়েছে। ইবুসুকিকে ক্লাবে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গল এফসি-র ফুটবল প্রধান থাংবোই সিংতো বলেন, "শীর্ষ স্তরের লিগে হিরোশির গোল করার রেকর্ড, তাঁর পেশাদারিত্ব এবং সাফল্যের খিদে আমাদের প্রতিযোগিতামূলক দল গঠনের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।"

বিভিন্ন মহাদেশের সেরা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ইবুসুকির। তিনি জাপানের কাশিওয়া রেইসলের যুব দলের হয়ে খেলতে নেমে নজর কাড়েন। এরপর ২০০৯ সালে স্পেনের গিরোনা এফসিতে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে অভিজ্ঞতা সঞ্চয় করেন।
পরবর্তী দুই মরশুম তিনি রিয়াল জারাগোজা বি এবং সিই সাবাদেলের হয়ে খেলেন। ২০১১ সালে ইবুসুকি সেভিয়া এফসি-তে যোগ দেন এবং সেখানে প্রথম মরশুম রিজার্ভ দলের সঙ্গে কাটান। এরপর রিয়াল বেতিসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ডার্বিতে সিনিয়র দলে তাঁর অভিষেক হয়। সেখানেই দক্ষতার দৃষ্টান্ত রাখেন।
বেলজিয়ান দল কে.এ.এস ইউপেন এবং ভ্যালেন্সিয়া সিএফ-এর রিজার্ভ দলের হয়ে খেলার সময় তিনি দারুণভাবে নিজেকে মেলে ধরেন। ২০১৪ সালে জাপানে ফিরে ইবুসুকি অ্যালবিরেক্স নিগাটা, জেএফ ইউনাইটেড চিবা, শোনান বেলমারে এবং শিমিজু এস-পালসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। নিয়মিতভাবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে গোল করে গিয়েছেন।
২০২২ সালে অস্ট্রেলিয়ান এ-লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডে তাঁর চলে যাওয়া কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে তিনি ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোল করেন এবং পেনাল্টি বক্সে শান্ত থেকে গোল করার দক্ষতার প্রমাণ রাখেন। সম্প্রতি, এ-লিগের ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়েও ইবুসুকি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গোল করার দক্ষতার মধ্যে দিয়ে।
৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ইবুসুকির ফরওয়ার্ড হিসাবে কার্যকারিতা এবং জাপানের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২২ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁকে ইস্টবেঙ্গল এফসি-র হয়ে খেলে কেরিয়ারের নতুন অধ্যায় শুরুর সুযোগ করে দিল।
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, "হিরোশি একজন অভিজ্ঞ এবং ক্লাসিক সেন্টার-ফরওয়ার্ড। তাঁর খেলার ধরন তাঁর শারীরিক উপস্থিতি, হেড করার ক্ষমতা, গোল করার দক্ষতা এবং সতীর্থদের সঙ্গে বোঝাপড়া খুব ভালো। তিনি বিভিন্ন দেশের সেরা ক্লাবে খেলেছেন এবং একজন দুর্দান্ত গোলদাতা হিসেবে সুখ্যাতি রয়েছে।"
ইবুসুকি বলেন, "এই ক্লাবটির একটি অবিশ্বাস্য ইতিহাস এবং দুর্দান্ত ফ্যানবেস রয়েছে, যা এটিকে এশিয়ান ফুটবলে এত জনপ্রিয় করে তুলেছে। আমি এমন একটি আইকনিক দলের অংশ হতে পেরে সম্মানিত এবং আসন্ন টুর্নামেন্টগুলিতে দলকে ট্রফি জিততে সাহায্য করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার কিছু স্বদেশি ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সাফল্যের অংশ হয়েছেন। এখন আমি তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। মাঠে নামার অপেক্ষায় রয়েছি। জয় ইস্ট বেঙ্গল!"












Click it and Unblock the Notifications