Durand Cup 2023: গুজবে কান দেবেন না, জেনে নিন ডার্বি টিকিট কবে কোথায় পাওয়া যাবে?
আগামী শনিবার মরসুমের প্রথম বড় ম্যাচ। ডুরান্ডের ডার্বিতে দুই প্রধানের ম্যাচ ঘিরে ময়দানে উন্মাদনা চরমে। কিন্তু গত কয়েকদিন ধরেই টিকিট নিয়ে বিভ্রান্তি চরমে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তরে ডুরান্ড কমিটির সঙ্গে দুই প্রধানের কর্তাদের ম্যারাথন বৈঠক হয়। কিন্তু টিকিট নিয়ে জট কাটেনি।
সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো রটে যায় বুধবার থেকে মোহনবাগান ক্লাবে টিকিট দেওয়া হবে। সেই মতোই বুধবার সকাল থেকেই সবুজ মেরুন তাঁবুর সামনে পড়ে যায় লম্বা লাইন। কিন্তু কাউন্টার না খোলায় বিভ্রান্তি চরমে উঠে।শেষ পর্যন্ত বেলা গড়াতেই ডুরান্ড কমিটির নির্দেশিকা এসে পৌঁছায় সবুজ মেরুন ক্লাবে।

ডুরান্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১০ তারিখ অর্থ্যাত বৃহস্পতিবার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু হবে। ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত টিকিট বিক্রি হবে। তিন প্রধানের তাঁবুর বক্স অফিস থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
মূলত ১০০ এবং ২০০ টাকা দামের টিকিটই পাওয়া যাবে বক্স অফিস থেকে। তবে অন লাইনে সম্ভবত টিকিট বিক্রি হবে না। পুরোটাই অফ লাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন লাইনে টিকিট না পাওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে মূলত যারা দূরে থাকেন।

ডুরান্ড কর্তৃপক্ষ ক্লাবের হাতে কোনও টিকিট দিতে চাইছে না। জানা গিয়েছে, এই সমস্যার একটা সমাধান বের করতেই মঙ্গলবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন বাংলার দুই ফুটবল প্রধানের কর্তারা। কিন্তু, বৈঠকেও খুব একটা সুরাহা হয়নি।
মঙ্গলবারে কোনও সমাধানসূত্র মেলেনি। বৈঠক চলাকালীনই বেরিয়ে যান ইস্টবেঙ্গল কর্তারা। সবুজ মেরুনের প্রতিনিধিরা অবশ্য শেষ অবধি বৈঠকে ছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

লাল হলুদ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দেন ইমামি সদস্য-সমর্থক, স্পনসরদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই অবস্থায় ৩০-৩৫টি ভিআইপি টিকিট নিয়ে আমাদের কোনও লাভ নেই। আমরা যদি সদস্য-সমর্থকদেরই খেলা দেখার বন্দোবস্ত না করতে পারি, তাহলে কর্তাদেরও মাঠে গিয়ে খেলা দেখার যৌক্তিকতা নেই।
বুধবার দুপুরে ডুরান্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ডার্বি ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। এছাড়াও প্লাজা কিউ এবং আর-এ ১৫০টি করে, বক্স টিকিট ১৫টি করে দেওয়া হবে। আইএফএ-কে ১২০০ এবং মহমেডান ক্লাবকে ২৫০টি কমপ্লিমেন্টারি টিকিট দেবে ডুরান্ড। এছাড়া পুলিশ ও প্রশাসনকে কিছু কমপ্লিমেন্টারি টিকিট দেবে। বাকি টিকিট বিক্রি করা হবে।












Click it and Unblock the Notifications