Durand Cup 2023: অরিজিৎ-ডিভাইনের যুগলবন্দিতে ডুরান্ড কাপের থিম সং 'ভিড়ে', ভিকি কৌশলের উজ্জ্বল উপস্থিতি
Durand Cup 2023: ডুরান্ড কাপে শনিবার কলকাতা ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইমামি ইস্টবেঙ্গল দ্বৈরথের সাক্ষী থেকে সকাল থেকেই টিকিট কাটার লম্বা লাইন চোখে পড়েছে ময়দানে। ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য ভিআইপি টিকিট গ্রহণ করেননি।
এরই মধ্যে ডুরান্ড কাপের থিম সং আজ পোস্ট করা হয়েছে টুর্নামেন্টের সোশ্যাল মিডিয়ায়। থিম সংয়ের ভিডিওটি চালানো হয়েছিল ৩ অগাস্ট ১৩২তম ডুরান্ড কাপ উদ্বোধনের দিন। ইতিমধ্যেই থিম সং মন জিতে নিয়েছে ফুটবলপ্রেমীদের।

২৪ দলকে নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের থিম সং 'ভিড়ে' হিন্দি ভাষার। লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং ভিভিয়ান ফার্নান্ডেজ, যিনি র্যাপার ডিভাইন নামে পরিচিত। গানটিতে সুর দিয়েছেন অরিজিৎ। ফুটবল ঘিরে দেশব্যাপী উন্মাদনার মেজাজটাকেই তুলে ধরা হয়েছে ফাস্ট-পেসের থিম সংটিতে।
উরি-দ্য সার্জিকাল স্ট্রাইকে মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে অভিনয় করা বলিউড তারকা ভিকি কৌশলও এই থিম সংয়ের অন্যতম বড় আকর্ষণ। তাঁর পরবর্তী ছবি স্যাম বাহাদুর, যাতে ভিকি অভিনয় করবেন কিংবদন্তি সামরিক কর্তা স্যাম মানেকশর চরিত্রে। ফলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করার পাশাপাশি ভিকি এবার ভারতীয় সেনাবাহিনীর ডুরান্ড কাপের সঙ্গেও যুক্ত হলেন।

ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্ভ্রমের পাশাপাশি ফুটবলের প্রতি দক্ষতারও পরিচয় এই থিম সংয়ের ভিডিওটিতে দিয়েছেন ভিকি। অরিজিৎ সিং মাতিয়ে দিয়েছিলেন আইপিএলের আসর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা অরিজিৎ এবার ডুরান্ড কাপেও। তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া স্মরণীয় অধ্যায়। অন্য স্বাদের কাজ করতে পেরে তিনি যে তৃপ্ত, সে কথাও জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতের স্বপ্নের প্রকল্প অদিতি ইনস্টিটিউট অব স্পোর্টসের ২২ খুদে প্রতিভাও উপস্থিত ছিল ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে। এই ইনস্টিটিউট থেকে উঠে আসা ক্রীড়া প্রতিভারা বাংলা তথা দেশকে গর্বিত করবে, আশা অরিজিতের। কর্মজীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি জওয়ানরা যেভাবে খেলাধুলো ও ফিটনেসকে গুরুত্ব দিয়ে থাকেন, এই ভিডিওটিতে তা উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র।












Click it and Unblock the Notifications