Durand Cup 2023: ডুরান্ডের শেষ চারে যেতে মরিয়া মোহনবাগান SG, মুম্বই ম্যাচের আগে ফিল গুড হাওয়া ফেরান্দোর বাগানে
Durand Cup 2023: ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কাল মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এএফসি কাপে পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে বেশ আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দোর দল।
যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী দলটির বিরুদ্ধে এই ম্যাচটিকে প্রাক মরশুম প্রস্তুতির অন্যতম সেরা মঞ্চ হিসেবে দেখছে সবুজ মেরুন শিবির।

মুম্বই বধের লক্ষ্যে নামার আগে বাগান শিবিরে ইতিবাচক বিষয়গুলি হলো, চোখের সংক্রমণ সারিয়ে দিমিত্রি পেত্রাতসের অনুশীলনে নামা। আগের ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে ভরসা জুগিয়েছেন। গোল পেয়েছে আক্রমণভাগের কামিংস-সাদিকু জুটি। বাগান কোচ ফেরান্দো বলেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি। আমরা এএফসি কাপের জন্য।
ফেরান্দোর কথায়, দুই দলের কাছেই এই ম্যাচটি ভালো প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। ওদের দুই উইং বেশ কার্যকরী। বিপিন, ছাংতে, মেহতাব, আকাশদের মতো ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি স্টুয়ার্ট বেশ ভালো। আমরাও পরপর দুটি ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত। হাড্ডাহাড্ডি লড়াই হবে। জেতার জন্য যা করার করব। তবে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়ে নামছে, আমরা তিন দিন পেয়েছি।

ডুরান্ড খেললেও ফেরান্দোর চোখ এএফসি কাপে। তিনি বলেন, এএফসি কাপে ভালো ফল করতে হবে। সে কারণে ডুরান্ডে চোট-আঘাত বাঁচিয়ে খেলা প্রয়োজন। প্রাক মরশুম প্রক্রিয়া চলছে। অনেক নতুন ফুটবলার। বোঝাপড়ায় খানিকটা সময় লাগবে। তবে আগের দুটি ম্যাচে আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি। এখনও কিছু জায়গায় উন্নতির দরকার আছে।
ফেরান্দো বলেন, মুম্বইকে অনেকদিন হারাতে পারিনি বলে এবারও পারব না তার কোনও কারণ নেইষ নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট, নতুন দলষ মুম্বই-মিথ নিয়ে মানসিক কোনও বাধা নেই ফুটবলারদের মধ্যে। অনেকেই প্রথমবার সবুজ মেরুন জার্সি পরে মুম্বই সিটির বিরুদ্ধে নেমে জয় ছিনিয়ে নিতে মরিয়া রয়েছেন।
বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, মুম্বই শক্তিশালী হলে আমরাও শক্তিশালী। দুই দলেই জাতীয় দলের ফুটবলার রয়েছেন। দুই দলে ভালো মানের বিদেশিও রয়েছেন। অনেকদিন মুম্বইকে হারাতে না পারলেও আমি চাই আমার অধিনায়কত্বে চাকা এবার উল্টোদিকে ঘুরুক। শেষ দুটি ম্যাচে দুই বিদেশি দলের ৬টি গোল করাকে ইতিবাচক বলে উল্লেখ করেন শুভাশিস।
শুভাশিসের কথা, মুম্বই ম্যাচে গোল হজম না করার লক্ষ্য নিয়েই নামব। মাঝমাঠকে আরও জমাট বাঁধতে হবে। তাতে রক্ষণের উপর চাপ কম থাকবে। নতুন ফর্মেশনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগছে। অনেক নতুন ফুটবলার রয়েছেন, পারস্পরিক বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে হেক্টর কলকাতায় এসে একদিনও বিশ্রাম না নিয়ে মাঠে নেমে ভালো খেলেছেন।
কামিংস, সাদিকুর গোল পাওয়াকেও ভালো দিক বলে অভিহিত করেন শুভাশিস। মুম্বইয়ের উইং ধরে আক্রমণ অন্যতম শক্তি। ঢাকা আবাহনীর বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট যেভাবে আক্রমণ শানিয়েছে তাতে সন্তুষ্ট অধিনায়ক। মুম্বইয়ের সেট পিস নিয়েও সতর্ক থাকছে বাগান শিবির। প্রকিপক্ষের দুর্বলতা চিহ্নিত করছেন কোচ ও ভিডিও অ্যানালিস্টরা। সেইমতো রণকৌশল মেনেই ১০০ শতাংশ দিতে প্রস্তুত বাগান।
(ছবি- এমবিএসজি মিডিয়া)












Click it and Unblock the Notifications