Dipendu Biswas's Biopic: বায়োপিক 'দীপু'র পোস্টার জনসমক্ষে, ছবিতে অভিনয়ের আগে আপ্লুত দীপেন্দু
Dipendu Biswas's Biopic: মিলখা সিং থেকে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক জনপ্রিয় হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজও চলছে জোরকদমে।
এরই মধ্যে ফুটবলার দীপেন্দু বিশ্বাসেরও বায়োপিকও খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে। আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে গেল সেই বায়োপিকের পোস্টার প্রকাশ অনুষ্ঠান।

মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান- ময়দানের তিন প্রধানেই দাপিয়ে খেলেছেন দীপেন্দু। তাঁর কেরিয়ারে সবমিলিয়ে দুশোর উপর গোল করেছেন। মহমেডানের ফুটবল সচিব হিসেবেও প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন। আইএসএলে মহমেডানকে উন্নীত করার পিছনেও রয়েছে দীপেন্দুর অবদান।
২০১৪ সালে বিধানসভা উপনির্বাচনে হেরে গেলেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন দীপেন্দু বিশ্বাস। সবমিলিয়ে বর্ণময় কেরিয়ার। দীপেন্দুর বায়োপিক নিয়ে বছরখানেক ধরেই জল্পনা চলছিল। অবশেষে শ্যুটিং শুরুর অপেক্ষা।
ছোটবেলা থেকে খেলোয়াড় জীবনের আবেগ, লড়াই, উত্থান-পতন, কামব্যাক নানা মুহূর্ত ধরা পড়বে ছবিতে। টাটা ফুটবল আকাদেমিই মোড় ঘুরিয়ে দিয়েছিল বসিরহাটের দীপুর। দীপু হলো দীপেন্দুর ডাকনাম। সেই নামেই তৈরি হচ্ছে বায়োপিক।
দীপেন্দুর বায়োপিকের পোস্টার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ সংগ্রাম মুখোপাধ্যায়। দীপেন্দুর চরিত্রে অভিনয় করবেন মণীশ। ছবির নায়িকা বর্ষা সেনগুপ্ত, তিনি প্লে-ব্য়াক সিঙ্গারও। চিত্রনাট্য, সুরকার ও নির্দেশক শ্রী প্রীতম। ছবিতে অভিনয় করছেন সুমিত গঙ্গোপাধ্যায়, অর্ণব গুহ।
ছবির প্রযোজক বর্ষা এন্টারটেনমেন্ট, সহ প্রযোজক আশা ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট। দীপুর জীবনের অনেক অজানা অধ্যায়েও আলোকপাত করবে বায়োপিক। ছবির শেষে দীপেন্দুকেও পর্দায় দেখা যাবে বলে জানান পরিচালক।
কলকাতা, বসিরহাট-সহ একাধিক জায়গায় শ্যুটিং হওয়ার কথা। সেপ্টেম্বরেই শ্যুটিং শুরু হয়ে যাবে। দীপেন্দুর কথায়, এই বায়োপিক নিয়ে প্রায় এক বছর ধরে আলোচনা চলছে। এই সময়কালে আমার থেকে একটু একটু করে আমার জীবনের গল্প শুনেছেন পরিচালক-সহ কয়েকজন। এবার ছবির কাজ শুরু হচ্ছে দেখে ভালো লাগছে।












Click it and Unblock the Notifications