East Bengal: মুম্বইকে টেক্কা দিল ইস্টবেঙ্গল, সফল লাল হলুদের মিশন দিমিত্রিয়স, নাম ঘোষণা কবে?
বিগত কয়েক বছর ধরেই মোহনবাগান জনতার হৃদয়ে রয়েছে দিমিত্রির নাম। ভালোবেসে অজি তারকাকে সবুজ মেরুন সমর্থকরা দিমি বলে ডাকেন। এবার ইস্টবেঙ্গল সমর্থকরাও দিমি-দিমি বলে স্লোগান তুলতে পারবেন। দিমিত্রিয়স দিয়ামানতাকোস আসতে চলেছেন ইস্টবেঙ্গলেই।
আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। ট্রান্সফার মার্কেটের খবর ছিল দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে পেতে অল আউট ঝাঁপাচ্ছে লাল হলুদ। কারণ পড়শি ক্লাব মোহনবাগান এসজির মতোই তারা এসিএলে খেলবেন। অবশেষে মিশন দিমিত্রিয়স সফল হতে চলেছে লাল হলুদের। শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

দিমিত্রিয়স দিয়ামানতাকোসের বায়োডাটা যথেষ্টই নজরকাড়া। সদ্য সমাপ্ত আইএসএলে একাই লিগে করেছিলেন ১৩ গোল।দুই মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে করেছেন ২৮টি গোল। পজিটিভ বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় তিনি তাই। গোলের সামনে বল পেলে অত্যন্ত ভয়ঙ্কর গ্রীসের এই স্ট্রাইকার।
শোনা গিয়েছে, আগামী মরশুমের জন্য ওডিশা ও চেন্নাইন ও মুম্বাই সিটির বেশকিছু খেলোয়াড়দের কে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট।এবার শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপো, ক্লেটন সিলভার সঙ্গেও চুক্তি বাড়ানো হয়েছে। মাদিহ তালাল ও দিমিকে নিচ্ছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। আরেকজন বিদেশির সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। এছাড়াও ঘরোয়া ফুটবলার নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পাঞ্জাব এফসি-র মিডফিল্ডার মাদিহ তালালের সঙ্গে কথা বার্তা অনেকদূর এগিয়েছে লাল হলুদের।। ২৬ বছরের তারকা রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দারুণভাবে সমন্বয়সাধন করতে পারেন। এরকম একজন ফুটবলারকে পেতে চাইছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। এদিকে আপুইয়াকে নেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। মুম্বইয়ের মিজো ফুটবলার রাজি হওয়ার পাশাপাশি মুম্বইকেও রাজি হতে হবে। বিশাল অঙ্কের ট্রান্সফার ফি-ও ফ্যাক্টর।
সব মিলিয়ে বিগত কয়েক বছরের থেকে শিক্ষা নিয়ে এবার শক্তিশালী দল গঠন করতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা।












Click it and Unblock the Notifications