ISL: কেরল ছাড়লেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস, তারকা স্ট্রাইকারকে নিতে ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াইয়ে কোন দল?
জল্পনার অবসান, কেরল ব্লাস্টার্স ছাড়লেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। সোমবারই সোশ্যাল মিডিয়ায় কেরলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন গ্রীসের এই তারকা ফুটবলার। এবার তাঁর গন্তব্য কোথায়?
দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে দলে নিতে মরশুম শেষ হওয়ার আগে থেকেই ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াইয়ে প্রবল ভাবেই আছে মুম্বই সিটি এফসি। কলকাতায় কি খেলতে দেখা যাবে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে? ধারে ভারে মুম্বই সিটি এফসি শক্তিশালী হলেও ইমামিও কোনওভাবে লড়াই ছাড়ছে না। আইএসএলের সর্বোচ্চ গোলদাতাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। যা মু্ম্বইয়ের কাজটাকে কঠিন করে দিয়েছে।

দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সিভি যথেষ্টই নজরখাড়া। সদ্য সমাপ্ত আইএসএলে একাই লিগে করেছিলেন ১৩ গোল।দুই মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে করেছেন ২৮টি গোল। পজিটিভ বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় তিনি তাই। গোলের সামনে বল পেলে অত্যন্ত ভয়ঙ্কর গ্রীসের এই স্ট্রাইকার।
ওড়িশার মরিসিও বা মোহনবাগানের কামিংসের মতো তিনি বক্সের ভিতরেই শুধু নয়, দিমিত্রিয়স দিয়ামানতাকোস বল নিচে নেমে এসে নিয়েও যান তিনি। কেরলের হয়ে সেই কারণে তার খেলা বেশ নজর কেড়েছিল, তাঁর খেলা অনেকটা মোহনবাগান এসজির দিমিত্রির মতোই।
দিমিত্রিয়স দিয়ামানতাকোস সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'দুর্ভাগ্যবশত অত্যন্ত আনন্দে এবং রোমাঞ্চ সহকারে কাটানো কেরল দলের সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষ হতে চলেছে। এই দলটিতে এত ভালো মূহূর্ত কাটিয়েছি, যা ব্যাখ্যা করতে পারব না। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছিল, আমি কখনও ভুলব না। প্রথমদিন থেকেই ক্লাব আমায় খুব সমর্থন করেছিল, কেরল ব্লাস্টার্সকে আমার অনেক অনেক শুভেচ্ছা। '
আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। শোনা গিয়েছে, আগামী মরশুমের জন্য ওডিশা ও চেন্নাইন ও মুম্বাই সিটির বেশকিছু খেলোয়াড়দের কে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট। দিমিত্রিয়স দিয়ামানতাকোস ছাড়াও প্ল্যান বি তৈরি রাখছে লাল হলুদ। এক দাপুটে স্ট্রাইকারের দিকে নজর পড়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তিনি হায়দরাবাদ এফসির জাভিয়ের সিভেরিও। শোনা যাচ্ছে, এবার তাকেই নাকি পছন্দ হয়েছে লাল-হলুদের।












Click it and Unblock the Notifications