East Bengal FC: লাল হলুদ রক্ষণকে দিয়েছিলেন নির্ভরতা, কুয়াদ্রাতের প্রিয় বিদেশি ডিফেন্ডারকে ধরে রাখল ইস্টবেঙ্গল
দলবদলের বাজারে ক্রমশই ঘর গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। ক্লেইটন দ্য সিলভাকে দলে ধরে রাখার পাশাপাশি আরও এক বিদেশির সঙ্গে চুক্তি বর্ধিত করল লাল হলুদ। মঙ্গলবারই ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল গত মরশুমে লাল হলুদ রক্ষণকে নির্ভরতা দেওয়া হিজাজি মাহের-র সঙ্গে আরও ২ বছরের চুক্তি বৃদ্ধি করা হচ্ছে।
ইমামি ইস্ট বেঙ্গল এফসির পক্ষ থেকে একটি বার্তায় মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, আমরা আনন্দিত যে ডিফেন্ডার হিজাজি মাহের দুই বছরের মেয়াদ বৃদ্ধিতে সম্মত হয়েছেন এবং চুক্তি সাক্ষর করেছেন। জর্ডানিয়ান ফুটবলার গত মরশুমে ভারতীয় ফুটবলে শীর্ষ-পারফর্মিং ডিফেন্ডারদের একজন ছিলেন এবং কলিঙ্গা সুপার কাপ ২০২৪-এর সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন।

২৬ বছর বয়সী এই বিদেশি ডিফেন্ডারের সঙ্গে ২ বছরের চুক্তি নবীকরণ করেছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। অর্থ্যাত ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত হিজাজির সঙ্গে চুক্তি থাকছে। তবে চুক্তির অঙ্ক প্রকাশ করা হয়নি। কোচ কার্লেস কুয়াদ্রাতই গত মরশুমে হিজাজিকে পছন্দ করেছিলেন। এরপর থেকে লাল হলুদ রক্ষণে অনেকটাই নির্ভরতা দিতে সক্ষম হন জর্ডনের এই ফুটবলারটি। কোচ কার্লেসের অত্যন্ত পছন্দের ফুটবলার হিজাজি।
ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটি বিবৃতিতে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, হিজাজি আমাদের ৱক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন, ক্লিয়ারেন্স, এরিয়াল ডুয়েল এবং অন্য ক্ষেত্রে অবিশ্বাস্য সংখ্যা অর্জন করেছে। আইএসএল-এ আমাদের প্রবেশের পর থেকে আমরা গত মরশুমে সেরা রক্ষণাত্মক সংখ্যা অর্জন করতে পারি তার একটি প্রধান কারণ ছিল হিজাজির দৃঢ়তা। হিজাজি অন্যান্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিল, কিন্তু আমাদের হয়ে খেলার সিদ্ধান্তই নিয়েছে। আমাদের এএফসি টুর্নামেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে।"
হিজাজি বলেন, " ইস্টবেঙ্গল আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমি এই দুর্দান্ত ক্লাবের সাথে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি এবং আমি অনুভব করতে পারি ভক্তরা আমাকে কতটা ভালোবাসে। প্রতিটি খেলার জন্য তারা আমাকে অনেক শক্তি দেয় এবং তার প্রতিদানে আমি তাদের সবসময় খুশি করার চেষ্টা করি। জর্ডনের বাইরে আমি প্রথম যে ট্রফি জিতেছিলাম কলিঙ্গ সুপার কাপ।'
একইসঙ্গে বিদেশি এই ডিফেন্ডার বলেন, আমরা পরের মরশুমেও আরও বেশি সাফল্য পেতে চাই। আমি কোচ কার্লেস এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমার ক্ষমতার উপর আস্থা রাখার জন্য। আমি কলকাতায় ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
গত বছর সেপ্টেম্বর মাসে ইস্টবেঙ্গলে যোগ দেন হিজাজি। মোট ২২টি ম্যাচ খেলেন। এরমধ্যে আইএসএলে ১৭টি এবং কলিঙ্গ সুপার কাপে ৫টি। মোট ১৯৩৮ মিনিট মাঠে ছিলেন। এছাড়া সুপার কাপে তার নামের পাশে ২টি গোলও আছে।












Click it and Unblock the Notifications