ডুরান্ড কাপে আবির্ভাবেই ফাইনালে অভিষেকের ডায়মন্ড হারবার! সুযোগ নষ্টের প্রদর্শনীতে ভরাডুবি ইস্টবেঙ্গলের
ডুরান্ড কাপে আবির্ভাবেই বাজিমাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসির। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারাল কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন এই দল। ভিকুনা কোচ হিসেবে লাল হলুদের কাছে অপরাজেয় থাকার রেকর্ড যেমন ধরে রাখলেন, তেমনই ডার্বি জেতা দলের পরের ম্যাচেই হারের রেকর্ড অক্ষত রাখল ইস্টবেঙ্গল।

চলতি ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। ভিকুনা গতকালই বলেছিলেন, মাঠের লড়াই আলাদা। আজ মাঠে তা প্রমাণ করে দেখালেন লুকা মাজসেন, জবি জাস্টিন, মিরশাদ মিচুরা। প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিরতির ঠিক আগেই বেশ কিছু সুযোগ নষ্ট করেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, নওরেম মহেশ, মিগুয়েল ফেরেরা, রাকিপরা। বেশ কিছু ভালো সেভ করে দলের পরিত্রাতা হয়ে ওঠেন গোলকিপার মিরশাদ।
দুই অর্ধেই প্রচুর সুযোগ নষ্ট করেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, যাঁর ম্যাজিকেই কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে এসজিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ৬৪ মিনিটে দিয়ামান্তাকস, জিকসন সিংদের প্রয়াস প্রতিহত হয়। এরপর প্রতি আক্রমণে যায় ডায়মন্ড হারবার। পলের ফ্রি কিক আনোয়ার আলি হেড দিয়ে বিপন্মুক্ত করতে গেলে ৬৬ মিনিটে মিকেল কোর্টাজার ব্যাক ভলিতে গোল করে ডায়মন্ড হারবার এফসি এগিয়ে যায়। ৬৭ মিনিটে আনোয়ার আলির দূরপাল্লার শট মিরশাদ রুখতে না পারায় সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
যদিও আঙ্গুসানার কর্নার লাল হলুদ বক্সে এলে ৮৩ মিনিটে জটলার মধ্যে থেকেই ডায়মন্ড হারবারের হয়ে জয়সূচক গোলটি করেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী জবি জাস্টিন। পুরানো দলের বিরুদ্ধে গোল করার পর সেলিব্রেশনে না মেতে নিজেকে সংযত রাখেন তিনি। বাবার শেষকৃত্য সেরে আজই দেশে ফেরা মরক্কোর বাসিম রশিদকে এদিন মাঠে সল ক্রেসপোর পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজো। রশিদের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পাশাপাশি গোল শোধের মরিয়া প্রয়াস চালায় লাল হলুদ। দ্বিতীয়ার্ধে আট মিনিটের ইনজুরি টাইম পেয়েও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। মিরশাদ যেমন তিন কাঠির নীচে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন, তেমনই ডায়মন্ড হারবারের রক্ষণকেও বেশ জমাট দেখিয়েছে।
এই নিয়ে ডুরান্ড কাপে চারবার মোহনবাগানকে হারানোর পরের ম্যাচে হারের সম্মুখীন হলো ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সলিল সমাধি হলো কাপ জয়ের প্রত্যাশায়। অন্যদিকে, শনিবার ফাইনালে ডায়মন্ড হারবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসির। ডুরান্ড কাপে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার এই ক্লাব। একমাত্র মোহনবাগান এসজির কাছে বড় ব্যবধানে হারলেও ডায়মন্ড হারবার এবারের ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের পর পরাস্ত করল ইমামি ইস্টবেঙ্গলকে।












Click it and Unblock the Notifications