Copa America 2024: কোপা আমেরিকায় ব্রাজিলকে সমর্থন করবেন না, কারণ জানিয়ে বড় সিদ্ধান্ত রোনাল্ডিনহোর
Copa America 2024: কোপা আমেরিকা শুরুর আগে বড় সিদ্ধান্ত নিলেন রোনাল্ডিনহো। নিজের ইনস্টাগ্রামে সে কথা জানিয়েও দিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা।
রোনাল্ডিনহো জানিয়ে দিলেন, ব্রাজিলকে তিনি কোনওভাবেই সমর্থন করবেন না। কোপা আমেরিকার কোনও খেলাই দেখবেন না। কারও সাফল্য উদযাপনও করবেন না।
সর্বশেষ কোপা আমেরিকায় ব্রাজিল ০-১ গোলে ফাইনালে হেরে গিয়েছিল আর্জেন্তিনার কাছে। ২০০২ সালের পর ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডিও টপকাতে পারেনি। দেশের ফুটবলের মানের ক্রমাবনতি পীড়া দিচ্ছে, বীতশ্রদ্ধ করে তুলেছে রোনাল্ডিনহোকে।
গত বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচেও আটকে গিয়েছে ব্রাজিল। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ম্য়াচটি। এই পরিস্থিতিতে আর ধৈর্য্য ধরে রাখতে পারছেন না রোনাল্ডিনহো। ব্রাজিলের দল গঠনেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
রোনাল্ডিনহোর কথায়, অনেক হয়েছে। ব্রাজিলের ফুটবল দলের এমন হাল দেখা খুবই দুঃখের। খেলা দেখার মুডটাই পাচ্ছি না। গত ২ বছরে সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে দল। নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই দলে। বেশিরভাগই মাঝারি মানের ফুটবলার।
রোনাল্ডিনহো জানান, ফুটবলার হওয়ার আগে অনেক ছোট থেকেই তিনি ফুটবল দেখেন। ব্রাজিলের এত খারাপ অবস্থা তিনি আগে দেখেননি। তিনি মনে করেন, এখন যাঁরা দলে আছেন তাঁদের জার্সির প্রতি ভালোবাসা নেই, দৃঢ়চেতা মনোভাব নেই, ফুটবলকেও তাঁরা গুরুত্ব দেন না।
আমেরিকার বিরুদ্ধে ম্য়াচে দলের পারফরম্য়ান্স তাঁর মতে জঘন্য ম্যাচগুলির অন্যতম, সাফ জানিয়েছেন রোনাল্ডিনহো। তিনি বলেন, এ সব দেখে খুব লজ্জা লাগছে। আমি আর কোপা আমেরিকার কোনও ম্যাচ দেখব না। কারও সাফল্যও উদযাপন করব না।
ভারতীয় সময় ২৫ জুন ভোর সাড়ে ৬টায় ব্রাজিল কোস্টা রিকা ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে। ভারতীয় সময় অনুসারে তাদের পরের দুটি ম্যাচ ২৯ জুন ও ৩ জুলাই যথাক্রমে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিরুদ্ধে। সেগুলিও শুরু ভোর সাড়ে ৬টা থেকে।













Click it and Unblock the Notifications