আইএসএলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল চেন্নাইয়িন এফসি, পরাস্ত নর্থইস্ট ইউনাইটেড
চলতি আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখে নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ গোলে হারাল চেন্নাইয়িন এফসি। চেন্নাইয়ের হয়ে গোল দুটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে ও অনিরুদ্ধ থাপা, নর্থইস্টের একমাত্র গোলটি করেন ভিপি সুহের। প্রথমার্ধে ছাংতের গোলে এগিয়ে ছিল চেন্নাইয়িন। নর্থইস্ট সমতা ফেরানোর পর থাপার গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় চেন্নাইয়িন এফসি-র।

এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি থেকে করা একমাত্র গোলে হায়দরাবাদ এফসিকে হারিয়েছিল চেন্নাইয়িন। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২ গোল করেও চার গোল হজম করতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নর্থইস্টকে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নিতে তাই শুরু থেকেই মরিয়া ছিল নর্থইস্ট। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করার প্রয়াস চালাতে থাকে চেন্নাইয়িনও। ১৩ মিনিটে যেমন গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন ছাংতে, তেমনই ১৭ মিনিটে ফেডেরিকে গ্যালেগোর থেকে ভালো বল পেয়েও গোল করতে ব্যর্থ হন নর্থইস্টের মাতিয়াস কুরেউর। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় ২২ মিনিটে নারায়ণ দাসের ট্যাকলে চোট পেয়ে উরুগুয়ের গ্যালেগো বেরিয়ে যেতেই, সমস্যায় পড়ে নর্থইস্ট। ৩৯ মিনিটে লম্বা থ্রোয় মাথা ছুঁইয়েও বিশাল কাইথের তৎপরতায় বল জালে জড়াতে পারেননি সুহের।

৪১ মিনিটে খাসা কামারার পা থেকে বল ছিনিয়ে দারুণ শটে গোল করেন ছাংতে, কিছুই করার ছিল না গোলকিপার শুভাশিস রায়চৌধুরীর। এরপরও প্রথমার্ধে চেন্নাইয়িন ব্যবধান বাড়ানোর লড়াই চালিয়ে যেতে থাকে, তবে বিরতিতে তারা ১-০ গোলেই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তনের পথে হাঁটে নর্থইস্ট। খালিদ জামিলের প্রশিক্ষণাধীন ম্যাচে সমতা ফেরায় ভিপি সুহেরের গোলে। এক্ষেত্রে গোলকিপার কাইথ অনেকাংশেই দায়ী। সমতা ফেরানোর পর নর্থইস্ট এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ হারায় যখন গুরজিন্দর কুমারের শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বল তিনকাঠিতে রাখতে পারেননি লালখপুইমাউইয়া। ৬৩ মিনিটে চেন্নাইয়িনের কিরগিজ উইঙ্গার মিরলান মুরজায়েভের গোল অফ সাইডের কারণে বাতিল হয়। ৬৮ মিনিটে হার্নান সান্তার দূরপাল্লার শট কর্নারের মাধ্যমে বাঁচিয়ে বিপদ এড়ান কাইথ।

2️⃣ thumping strikes, 3️⃣ points 🥳#AllInForChennaiyin #NEUCFC #அதிரடிஆட்டம் pic.twitter.com/vrQHxgONx8
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) November 29, 2021
৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন অনিরুদ্ধ থাপা। এরপর শেষ অবধি মরিয়া লড়াই চালিয়েও পরাজয় এড়াতে পারেনি নর্থইস্ট। এই জয়ের সুবাদে চেন্নাইয়িন এফসি দ্বিতীয় স্থানে উঠে এসে রইল এটিকে মোহনবাগানের পরেই। নবম স্থানে রইল নর্থইস্ট। ৩ ডিসেম্বর চেন্নাইয়িন এফসির সামনে এসসি ইস্টবেঙ্গল। ৪ ডিসেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে নর্থইস্ট।












Click it and Unblock the Notifications