Brazil vs Argentina: মেসিদের দায়িত্ব ছাড়ছেন স্কালোনি? ব্রাজিল ম্যাচ জিতেই দিলেন বড় বার্তা
Brazil vs Argentina: ব্রাজিলকে হারানোর পরই বিদায়ের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তাঁর কোচিংয়ে কোপা আমেরিকা, ফাইনালিসীমা, বিশ্বকাপ তিনটি ট্রফি জিতেছে নীল সাদা বাহিনী। কিন্তু ব্রাজিল ম্যাচে কষ্টার্জিত জয় পাওয়ার পরই স্কালোনির গলায় বিদায়ের সুর। সরাসরি গুড বাই না বললেও আর্জেন্টিনার কোচ হিসাবে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিয়েছেন।
ব্রাজিলের বিরুদ্ধে জয়ের পর সাংবাদিক বৈঠকে এসে স্কালোনি জানিয়েছেন,'এটা গুডবাই আমি বলব না। তবে আমাকে ভাবনাচিন্তা করতে হবে। এটা একদম বিদায় এমন নয় কিন্তু আমাকে ভাবতে হচ্ছে। প্রত্যাশাটা এখন অনেক উঁচুতে আর আমার জন্য কাজ চালিয়ে যাওয়া এবং জিততে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এই ছেলেরা কঠিন করে ফেলেছে। এই দলে কোচিং নিয়ে আমার ভাবনাচিন্তা করার সময় এসেছে।'

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মারাকানা স্টেডিয়াম। বুধবার সকালে(ভারতীয় সময়) ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুই দেশ। ১-০ গোলে চির প্রতিপক্ষকে হারাল আর্জেন্টিনা।কিন্তু ম্যাচ জয়ের আর্জেন্টিনা কোচের মন্তব্য চিন্তায় ফেলে দিয়েছে মেসিদের দেশের ফুটবল ফেডারেশনকে।
ব্রাজিল ম্যাচ জয়ের পর মেসিদের কোচ আরও বলেছেন,, 'আমি অনেক চিন্তা করেছি, আমি কী করতে চাই। এটা বিদায় না বা অন্য কিছু না। মানটা অনেক উঁচুতে উঠে গেছে এবং চালিয়ে যাওয়া এখন খুব কঠিন। এই জাতীয় দলের এমন একজন কোচ দরকার, যার সব রকম শক্তি আছে।'
স্কালোনির কোচিংয়ে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও তাঁর কোচিংয়েই খেলার কথা মেসিদের। কিন্তু তারআগে দায়িত্ব ছেড়ে দিলে নতুন করে কোচ খুঁজতে হবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।
২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এখন পর্যন্ত ৬৬ ম্যাচে আর্জেন্টিনাকে কোচিং করিয়েছেন। এরমধ্যে জিতেছেন ৪৮ ম্যাচ, হেরেছেন ৬টিতে , ড্র করেছেন ১২ ম্যাচে।৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান স্কালোনি। পরে তিনি জেতেন ফিফা দ্য বেস্টের বর্ষসেরা কোচের পুরস্কারও।
স্কালোনির মন্তব্য খানিকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবলে।












Click it and Unblock the Notifications