Bengal Football Academy: বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে অসন্তোষ, নিঃশব্দেই পদত্যাগ কোচ অনন্ত ঘোষের
বাংলার ফুটবলে ডামাডোল অব্যাহত। এমনিতেই বছরভর বিতর্ক লেগে থাকে আইএফএ-তে। এবার অসন্তোষ প্রকাশ্যে এল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিরও। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। নতুন ফুটবলার তুলে আনতে খড়দহে তৈরি করা হয় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। আবাসিক এই কোচিং ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয় অনন্ত ঘোষকে।
খড়দহে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে চিফ কোচের দায়িত্ব দেওয়া হয় অনন্ত ঘোষকে। বেশ কয়েক বছর তিনিই ছিলেন এই কোচিং ক্যাম্পের দায়িত্বে। কিন্তু হঠাৎ করেই চিফ কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অনন্ত ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেন ছাড়লেন দায়িত্ব? এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

এই অ্যাকাডেমিতে প্রাক্তন ফুটবলারদেরও যুক্ত করেছিল রাজ্য সরকার। কিন্তু এই ঘটনার পর থেকে এই অ্যাকাডেমির সঙ্গে যু্ক্ত প্রাক্তন ফুটবলাররাও মুখ খুলেত চাইছেন না। গোটা ঘটনা নিয়েই রহস্য ঘনীভূত হচ্ছে। সন্তোষ ট্রফিতে বেহাল পাৱফরম্যান্স করেছে বাংলা। এই অ্যাকাডেমি থেকে কতজন ফুটবলার উঠে এসেছে সেটা নিয়েও প্রশ্ন আছে।
কলকাতা লিগে নতুন ফুটবলার তুলে আনতে বিদেশি খেলানো বন্ধ হয়েছে ফেডারেশনের নিয়মে। ভূমিপুত্র তুলে আনতে গড়ের মাঠেও বিদেশি বিহীন লিগ হয়েছে। শুধু তাই নয় বাংলার ফুটবলের উন্নয়েন কাগজে কমমে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু রাজ্য সরকারের নিজস্ব অ্যাকাডেমির কোচই যেভাবে পদত্যাগ করে মুখে কুলুপ এটেছেন তাতে প্রশ্ন কিন্তু উঠছেই।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই খেলাধুলার প্রসারে শুধু ফুটবল নয় সব খেলারই অ্যাকাডেমি গড়েছে রাজ্য সরকার। টেনিস থেকে তিরন্দাজি সব খেলার জন্য অ্যাকাডেমি তৈরি করেছে রাজ্যের ক্রীড়া দপ্তর। যদিও ফুটবল অ্যাকাডেমির কোচের পদত্যাগ নিয়ে কোনও কথা সরকারিভাবে জানায়নি ক্রীড়া দপ্তর।
লা লিগা ফুটবল অ্যাকাডেমি তৈরি হতে চলেছে কলকাতাতে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামকে অ্যাকাডেমির জন্য ছেড়ে দেওয়া হবে বলে আগেই খবর ছিল। সেই সিদ্ধান্তে সিলমোহরও দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অ্যাকাডেমিতে মহিলা ফুটবলারদের ট্রেনিং দেওয়া হবে বলেও জানা গিয়েছে নবান্ন সূত্রে।












Click it and Unblock the Notifications