AFC Cup 2022: ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল
এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল
ঠিক হয়ে গেল এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে কারা এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে তা ঠিক হয়ে গেল। যুবভারতী ক্রীড়াঙ্গণে এটিকে মোহনবাগান ইন্টার জোনাল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে মালয়েশিয়ার ক্লাব কুয়ালা লামপুর সিটি এফসি।

৭ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মালয়েশিয়ার এই দলের বিরুদ্ধে যদিও খুব বেশি কড়া চ্যালেঞ্জের সামনে এটিকে মোহনবাগানকে পড়তে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মালয়েশিয়ার এই দলটি সে দেশের ফুটবলে অন্যতম সেরা দল হলেও ভারতীয় ক্লাব ফুটবল স্তরে একেবারেই উচ্চমানের নয়। ইন্টার জোনাল সেমিফাইনালের যে ক্রীড়াসূচী প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), তাতে এটাই স্পষ্ট। আগেই ঠিক হয়ে গিয়েছিল যে ম্যাচটি কলকাতায় হবে। এ বার প্রতিপক্ষও স্থির হয়ে গেল।
এই বারের এএফসি'র এখনও পর্যন্ত সব ম্যাচই এটিকে মোহনবাগান খেলেছে যুবভারতী ক্রীড়াঙ্গণে। কলকাতার মাঠে এএফসি কাপের বাছাই পর্ব এবং গ্রুপ পর্বের ম্যাচের পর সেমিফাইনালও সবুজ-মেরুন দল খেলতে চলেছে ঘরের মাঠে। এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে।
আসিয়ান জোনের চ্যাম্পিয়ন হিসেবে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে কুয়ালা লামপুর সিটি এফসি। মালয়েশিয়ার দলটি আসিয়ান জোন ফাইনালে ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসারকে ৫-২-এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কুয়ালা লামপুর এফসি দু'বার মালয়শিয়ান লিগ জিতেছে। এ ছাড়াও মালয়েশিয়া এফএ কাপ এবং মালয়েশিয়া সুপার কাপ জিতেছে তিনবার করে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও দু'বার অংশ নিয়েছে তারা। দলের কোচ ক্রোয়েশিয়ার বোজান হোডাক ও অধিনায়ক ব্রাজিলীয় ফরোয়ার্ড পাওলো জোসু।

ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের ইস্টার্ন এসসি ও সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়ন উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা। কেএলসি-কে হারাতে পারলে এদেরই যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুন শিবিরকে। সেই ম্যাচ হওয়ার কথা ৫ অক্টোবর এবং এ বারের এএফসি কাপ ফাইনাল হওয়ার কথা ২২ অক্টোবর।
বর্তমানে এটিকে মোহনবাগান দলের ফোকাস রয়েছে ডুরান্ড কাপের উপর। প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাস্থ হলেও দারুণ ভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে সবুজ-মেরুন। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ড্র-এর পর কলকাতা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে গঙ্গা পাড়ের ক্লাবটি। পরবর্তী ম্যাচে ভারতীয় নৌ-বাহিনীকে হারাতে পারলে এটিকে মোহনবাগানেও ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকেমোহনবাগান পাবে না রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে। এই দুই ফুটবলারকেই দল বদলের মরসুমে ছেড়ে দিয়েছে সবুজ-মেরুন। একই রকম ভাবে থাকবেন সন্দেশ ঝিংঘানও। রয়-ডেভিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল চলতি এএফসি কাপে এটিকে মোহনবাগনকে এত দূর নিয়ে আসার পিছনে।












Click it and Unblock the Notifications