উজ্জ্বল সম্ভবনা, এটিকে মোহনবাগানে ফিরতে পারেন সন্দেশ
সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ঘরে ফিরতে চলেছেন ঘরের ছেলে। একটু পরিষ্কার করে বললে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জার্সিতে ফের মাঠে নামতে চলেছে সন্দেশ ঝিংঘান (Sandesh Jhingan)। ক্রোয়েশিয়ায়'র ক্লাব এইচএনকে সিবেনিকে থেকে লোনে দেশে'র ক্লাবে ফিরতে চলেছেন তিনি।

অনেক স্বপ্ন নিয়ে ২০২১-এর অগস্টে ক্রোয়েশির ক্লাব এইচএনকে সিবেনিক (hnk sibenik)-এ সই করেছিলেন বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিংঘান। এর পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও ওই ক্লাবের জার্সিতে অভিষেক হয়নি সন্দেশের। তিন ম্যাচে বেঞ্চে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এর মধ্যেই দলের অনুশীলনে চোট পান। ফিজিওথেরাপিস্ট গিগি জর্জের তত্ত্বাবধানে রিহ্যাব চলছে সন্দেশের। চোট পাওয়ার পর তিনি ফিরে এসেছেন দেশে।
২৮ বছর বয়সী এই ফুটবলার শেষ তিন মাসে চার বার পায়ের পেশিতে চোট পেয়েছেন। চোটপ্রবণ সন্দেশ-ও দীর্ঘদিন সুযোগ না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। এই অবস্থায় সিবনিক থেকে লোনে পুরনো ক্লাবে আসতে চান তিনি নিজেও। এই ভারতীয় ফুটবলার'কে লোনে ছাড়তে সমস্যা নেই সিবনিকেরও। এটিকেএমবি টিম ম্যানেজমেন্ট আইএসএল-এর দ্বিতীয় পর্যায়ে সন্দেশ'কে পাওয়ার জন্য কথা চালাচ্ছে সিবনিক ম্যানেজমেন্টের সঙ্গে।
সন্দেশ ঝিংঘান ছেড়ে যাওয়ার পর এটিকে মোহনবাগান ডিফেন্সের চেনা চিত্রটাই বদলে গিয়েছে। তিরি থাকলেও আঁটোসাঁটো ভাবটা উধাও। দলের রক্ষণ'কে আশ্বস্ত করতে ব্যর্থ প্রীতম কোটাল-প্রবীর দাস'রা। সন্দেশের অনুপস্থিতিতে আট ম্যাচে ১৬ গোল হজম করেছে এটিকে মোহনবাগান অর্থাৎ ম্যাচ প্রতি দু'টি গোল হজম করেছে এটিকেএমবি। দলের রক্ষণের খারাপ হাল এবং ক্রমাগত পয়েন্ট নষ্টের কারণে মাঝ মরসুমে পদত্যাগ করেছেন আইএসএল-এর সফলতম কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাঁর পরিবর্তে তড়িঘড়ি এফসি গোয়া থেকে ভাঙিয়ে এনে সই করানো হয়েছে আইএসএল-এর সর্ব কনিষ্ঠ কোচ জুয়ান ফেরান্দো'কে। ৪১ বছর বয়সী এই কোচের হাত ধরে লিগ টেবলের তৃতীয় স্থানে উঠে এলেও এটিকে মোহনবাগানের ডিফেন্সের গলদ রয়ে গিয়েছে। আক্রমণ এবং মাঝমাঠের ফুটবলারদের দৌলতে পয়েন্ট পেতে কোনও সমস্যা হচ্ছে না তাই এই দিকটা নিয়ে বেশি আলোচনা হয়নি শেষ কয়েকটি ম্যাচে।
নতুন বছর এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ ৫ জানুয়ারি। হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন জার্সিধারীরা। এটিকেএমবি এবং হায়দরাবাদ এফসি- -দু'টি দলের দৃষ্টিকোন থেকেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। ম্যাচটি লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে তৃতীয় স্থানে থাকা দলের। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনতে পারলে শেষ চারে শেষ করার দিক দিয়ে অনেকটাই সুবিধা পাবে কলকাতার এই ক্লাব।












Click it and Unblock the Notifications