এশিয়া কাপে বাংলাদেশের নেই হেড কোচ! শ্রীলঙ্কা পাচ্ছে না তারকা পেসারকে
এশিয়া কাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে স্প্লিট কোচিংয়ের পথে হাঁটার সিদ্ধান্ত হেড কোচকে জানিয়ে দেওয়া হয়। জিম্বাবোয়ের কাছে টি ২০ সিরিজ হারের পরই সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের প্রোটিয়া হেড কোচ। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত ভারতের প্রাক্তন স্পিনার শ্রীধরণ শ্রীরামকেই টি ২০ দলের দায়িত্ব দিলেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস-সহ বিসিবির কর্তারা মনে করছিলেন, ডোমিঙ্গোর কোচিংয়ের পদ্ধতি টি ২০-র পক্ষে মানানসই নয়। আগ্রাসী মনোভাবের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও বলেছিলেন, ডোমিঙ্গোর দর্শন বাংলাদেশের টি ২০ দলের পক্ষে বেমানান। তখন থেকেই জল্পনা চলছিল ডোমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে। ক্ষমতা খর্ব করার জল্পনাই অবশেষে সত্যি হলো। আজ বৈঠকেই রাসেল ডোমিঙ্গোকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে টি ২০ দলের সঙ্গে থাকতে হবে না। ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। আপাতত ডোমিঙ্গোকে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলেই ফোকাস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ।
এশিয়া কাপ থেকে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে শ্রীরামকে। যিনি ছয় বছর অস্ট্রেলিয়ায় কোচিং করিয়েছেন, অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচও ছিলেন। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভালো ফলের লক্ষ্যে শ্রীরামের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে তাঁকে হেড কোচ করা হচ্ছে না। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবেই তিনি বাংলাদেশের টি ২০ দলের দেখভালের দায়িত্বে থাকবেন। শাকিব আল হাসানকে অধিনায়ক পদে ফেরানো রয়েছে। এশিয়া কাপে দলের সঙ্গে শ্রীরাম ছাড়াও থাকবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। বাংলাদেশ অধিনায়ক শাকিব মনে করেন, ক্রিকেটাররা নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করলে ভালো ফল করা সম্ভব।
🚨 Asia Cup: Sri Lanka Team Updates@dushmantha05, who was named in the 20-member #AsiaCup2022 squad, will not take part in the Asia Cup, as he has sustained an injury (on his left leg) during practices.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 22, 2022
SLC Selectors brought in Nuwan Thushara into the 20-man squad.
#SLC #lka pic.twitter.com/cQuAjAmwZg
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা পাচ্ছে না তারকা পেসার দুষ্মন্ত চামিরাকে। অনুশীলনে চোট পেয়েছিলেন, তবু তাঁকে রাখা হয়েছিল ২০ সদস্যের এশিয়া কাপের দলে। তবে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতেই নুয়ান তুষারাকে তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। পরদিন ভারত-পাকিস্তান দ্বৈরথ।












Click it and Unblock the Notifications