ভারতের কোচ হিসেবে মেয়াদ বাড়ছে ইগর স্টিমাচের, আই লিগে অংশ নেবে না ইন্ডিয়ান অ্যারোজ
এআইএফএফের এগজিকিউটিভ কমিটির বৈঠক কাল হবে কলকাতায়। তার আগে আজ হয়ে গেল আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির বৈঠক। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সেইমতো সুপারিশ যাবে ফেডারেশনের কর্মসমিতির কাছে। যার মধ্যে অন্যতম ভারতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচের মেয়াদবৃদ্ধি।

ফেডারেশনের টেকনিক্যাল কমিটি এআইএফএফকে সুপারিশ করছে যাতে স্টিমাচকে ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপ অবধি হেড কোচের পদে রেখে দেওয়া হয়। এদিনের বৈঠকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বিজয়ন ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান মনোরঞ্জন ভট্টাচার্য, ক্লাইম্যাক্স লরেন্স, হরজিন্দর সিং, অরুণ মালহোত্রা, ইউজেনেসন লিংডো এবং পিঙ্কি বোম্পাল মগর।
এ ছাড়াও যে গুরুত্বপূর্ণ সুপারিশ টেকনিক্যাল কমিটি ফেডারেশনের কাছে করছে তা হলো, আই লিগে আর অংশ নেবে না ইন্ডিয়ান অ্যারোজ দল। এএফসি লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনের জটিলতা এড়াতেই এই পদক্ষেপ। ইন্ডিয়ান অ্যারোজ দলের পিছনে যে অর্থ খরচ করা হতো তা এবার ব্যয় করা হবে এলিট ইউথ লিগ আয়োজনে। ভারতে কোচিংয়ের মান উন্নয়নের বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিটি বয়সভিত্তিক দলে ভারতীয় কোচ রাখার পক্ষে সুপারিশ করা হচ্ছে। ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এই কোচেরাও যাতে পর্যাপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন তা সুনিশ্চিত করাই লক্ষ্য।
মহিলা জাতীয় দলের কথা ভেবে আরও বেশি সংখ্যক মহিলা কোচ নিয়োগের সুপারিশও করেছে টেকনিক্যাল কমিটি। দেশের মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে নতুন পরিকল্পনা তৈরির পক্ষে সওয়াল করেছে, তাতে উপকৃত হবে দেশের মহিলা ফুটবল দল। টেকনিক্যাল কমিটির প্রথম সভায় যেভাবে প্রাক্তন ফুটবলাররা অংশ নিয়েছেন তাতে উচ্ছ্বসিত চেয়ারম্যান বিজয়ন। তিনি বলেন, দেশের ফুটবলের টেকনিক্যাল বিষয়গুলি স্থির করার ক্ষেত্রে প্রাক্তন ফুটবলাররা মতামত দিচ্ছেন এটাই সবচেয়ে তৃপ্তির বিষয়। খুবই সদর্থক বৈঠক হয়েছে। আমরা সকলে মিলেই দেশের ফুটবলের মানোন্নয়নে সচেষ্ট থাকব। এদিন সকালে এআইএফএফের এগজিকিউটিভ কমিটির সদস্যরা ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স পরিদর্শনে যান। এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়েও উদ্যোগী ফেডারেশন। উন্নত মানের পরিকাঠামো গড়তে নতুন পরিকল্পনার বিষয়ে আগামীকালের বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications