AIFF: প্রভাকরণের ত্রিফলা তোপ, অনৈতিক কাজের অভিযোগে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অস্বস্তি বাড়ল
AIFF: বছর শেষে ফের সরগরম ভারতীয় ফুটবল। আবারও গুরুতর অভিযোগে বিদ্ধ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
ফেডারেশনের এথিকাল কমিটির পাশাপাশি অভিযোগ দায়ের হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন, এমনকী ফিফাতেও। যা ঘিরে আলোড়ন ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থায়।

কখনও শাজি প্রভাকরণ, কখনও বা ভাইচুং ভুটিয়া। নানা সময়ই তির ধেয়ে এসেছে কল্যাণ চৌবের দিকে। এমনকী তিনি বিজেপি নেতা হওয়ায় ভারতীয় ফুটবলের নানা বিষয় নিয়ে আলোচনায় কল্যাণের রাজনৈতিক সত্তাকেও আক্রমণ করে থাকেন নেতা-মন্ত্রীরা।
এবার সেই শাজি প্রভাকরণই গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করলেন। শাজি ফেডারেশনের প্রাক্তন সচিব। তিনি গতকালই সরকারিভাবে অভিযোগ দায়ের করলেন ফেডারেশন, এএফসি ও ফিফায়। কল্যাণের বিরুদ্ধে নানাবিধ অনৈতিক কাজকর্মের অভিযোগ উঠেছে।
এইসব অনৈতিক কাজকর্মের কারণে এআইএফএফের আর্থিক ক্ষতিও হচ্ছে বলে দাবি শাজির। এমনকী স্বজনপোষণ থেকে শুরু করে ফিফাকে না জানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ব্র্যান্ডকে কল্যাণ কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ। কল্যাণ এ বিষয়ে এখনও অবধি মুখ খোলেননি।
স্বার্থের সংঘাত, ফেডারেশনের আর্থিক ক্ষতি ও সুখ্যাতিতে আঘাত, রাজনৈতিক নেতার ঘুষ দেওয়ার চেষ্টা, বিভ্রান্তি ছড়াতে সঠিক তথ্য উপস্থাপিত না করা, রাজনৈতিক কেরিয়ারে ফেডারেশনকে ব্যবহার, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ, ফেডারেশনের কর্মীদের আস্থা হারানোর মতো বহুবিধ অভিযোগ উঠেছে কল্য়াণের বিরুদ্ধে।
শাজি প্রভাকরণ বলেন, আমি বিভিন্ন জায়গায় এইসব অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছি। ফেডারেশনের এথিকাল কমিটিতে অভিযোগ জানাতে এক বছর সময়ও নিলাম। ফেডারেশনের দায়িত্ব এই অভিযোগগুলি তদন্ত করা, ফেডারেশনের স্বচ্ছতা জনসমক্ষে আনা। অভিযোগগুলি সামনে আসার পরও অনেকদিন অপেক্ষা করেছি। বিহিত হয়নি। তাই তথ্য-প্রমাণ-সহ অভিযোগ দায়ের করলাম। আশা করি, এআইএফএফ ও ফিফা তদন্ত করবে।












Click it and Unblock the Notifications