অনেক কিছু না পসন্দ এআইএফএফ কর্তাদের, মোহনবাগান মাঠে আই লিগ হওয়া নিয়ে দোলাচল
এ মরশুমে ঘরের মাঠে আই লিগের ম্যাচ খেলার জন্য কোমড় বেঁধে নেমেছ মোহনবাগান। বুধবার এআইএফএফের প্রতিনিধি দল ঘুরে গেল মোহনবাগান মাঠে।
বুধবার বিকেলে মোহনবাগান মাঠ ঘুরে দেখল এআইএফএফের পরিদর্শনকারী দল। কলকাতা লিগে ঘরের মাঠে ম্যাচ খেললেও, আই লিগে ঘরের মাঠে ম্যাচ খেলার স্বপ্ন এখনও পূরণ করতে পারেনি মোহনবাগান দল। এ মরশুমে ঘরের মাঠে আই লিগে-র ম্যাচ খেলতে উঠে পড়ে লেগেছিল সবুজমেরুণ কর্তৃপক্ষ।[আরও পড়ুন:আইএসএলের মোহ অন্ধ ফুটবলাররা, ইস্ট-মোহনের জার্সিও ক্যারিশমা হারাচ্ছে -বিস্ফোরক সঞ্জয় সেন ]

যদিও এআইএফএফে-র পরিদর্শক দল বেশ কিছু পরিবর্তনের কথা মোহনবাগান কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে সুনন্দ ধর নিজে হাজির ছিলেন মাঠ পরিদর্শনে। গ্যালারি থেকে ড্রেসিং রুম সবকিছু নিয়েই সমস্যা আছে। দর্শক নিরাপত্তা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ফেনসিং বাড়াতে হবে এবং উঁচুও করতে হবে। মাঠের আকারও ছোট। আই লিগের ম্যাচ আয়োজন করতে গেলে মাঠের আয়তন বাড়াতে হবে। লাগাতে হবে আরও দুটো ফ্লাড লাইট। বানাতে হবে আরও একটা ড্রেসিংরুম।

এই মুহূর্তে পরিবর্তনের যে দীর্ঘ তালিকা এআইএফএফ দিয়েছে তাতে অক্টোবরের ডেডলাইনের মধ্যে কতটা কাজ করা সম্ভব তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। এআইএফএফ নিজেদের পরিবর্তনের তালিকা দিয়ে দু-তিন দিনের মধ্যে মোহনবাগানকে চিঠি দেবে। তারপরই বাগান কর্তৃপক্ষকে আর্মির থেকে ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। হাতে খুব বেশি সময় নেই। তারমধ্যে পুজোর সময় পনেরো দিন মাঠ বন্ধ থাকবে। সব মিলিয়ে এ মরশুমেও বাগানের নিজের মাঠে আই লিগ খেলা বড় প্রশ্নের মুখে।












Click it and Unblock the Notifications