২০৫০ সালে কত হবে পৃথিবীর জনসংখ্যা, জনবিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের
এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা ৭৬০ কোটি। আগামী ২০৫০ সালের মধ্যেই ৯৮০ কোটিতে পৌঁছে যাবে পৃথিবীর জনসংখ্যা।
বিশ্বায়নের পাশাপাশি সারা পৃথিবীতে খুব দ্রুত হারে বাড়ছে জনসংখ্যা। এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা ৭৬০ কোটি। এমন চলতে থাকলে আগামী ২০৫০ সালের মধ্যেই ৯৮০ কোটিতে পৌঁছে যাবে পৃথিবীর জনসংখ্যা। যাকে জনবিস্ফোরণ ছাড়া আর কোনওভাবে ব্যাখ্যা করতে পারছেন না বিশেষজ্ঞরা।
বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, প্রাকৃতিক সম্পদের ক্রমহ্রাসমানতা- এসবের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সরাসরি যোগ রয়েছে। ফলে এই জনবিস্ফোরণ চলতে থাকলে এবং প্রকৃতিকে বাঁচানোর জনসচেতনতা তৈরি না হলে পৃথিবী ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এদিন রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ঠিক কী বলা হয়েছে, জেনে নেওয়া যাক।

চিনকে টপকে যাবে ভারত
সবচেয়ে বেশি জনসংখ্যা আগামিদিনে ভারতেরই হতে চলেছে। এই মুহূর্তে জাতিসংঘের হিসাবে ভারতের জনসংখ্যা ১৩০ কোটি ও চিনের জনসংখ্যা ১৪০ কোটি। ২০২৪ সালের মধ্যেই জনসংখ্যার বিচারে ভারত চিনকে টপকে যাবে।

যুক্তরাষ্ট্রকে টপকে যাবে নাইজেরিয়া
রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক ও স্যোশাল আফেয়ার্স দফতরের হিসেব মতো ২০৫০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর তৃতীয় সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া।

প্রতিবছরের হিসাব
রাষ্ট্রপুঞ্জ বলছে, প্রতিবছর গড়ে ৮.৩ কোটি হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। এই হার আগামিদিনেও চলতে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে পাশাপাশি এটাও জানানো হয়েছে যে জনসংখ্যা বাড়লে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মানুষের কমে যেতে পারে।

২১০০ শতকে পৃথিবী
২০৩০ সালে ৮৬০ কোটি ও ২০৫০ সালে ৯৮০ কোটিতে পৌঁছবে পৃথিবীর জনসংখ্যা। আর ২১০০ সালে গিয়ে সেই জনসংখ্যা পৌঁছবে ১১২০ কোটিতে। এমনটাই মনে করছেন গবেষকরা।

আফ্রিকার জনসংখ্যা
নাইজেরিয়া ২০৫০ সাল নাগাদ পৃথিবীর তৃতীয় জনবহুল দেশ হবে বটে। তবে একইসঙ্গে দেখা যাচ্ছে যে আফ্রিকার মোট ২৬টি দেশের সবকটির জনসংখ্যাই বর্তমানের দ্বিগুণ হয়ে যাবে।

বয়স্ক মানুষের সংখ্যা
এই মুহূর্তে ষাটোর্ধ্ব ব্যক্তির সংখ্যা যত রয়েছে তার দ্বিগুণ হবে ২০৫০ সালে। এবং ২১০০ সালে গিয়ে তা তিনগুণ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী বয়স্ক জনসংখ্যাও ২০১৭ সালে যেখানে ৯৬ কোটি রয়েছে তা ২০৫০ সালে গিয়ে ২১০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications