তেলেঙ্গানা: রাষ্ট্রপতি শাসন কি আদৌ কোনও সমাধান?

প্রথমত, সংবিধানের ৩৫৬ ধারা মোতাবেক কেন্দ্র অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে | কিন্তু মনে রাখতে হবে, এস আর বম্মাই বনাম ভারত সরকার মামলাতে (১৯৯৪) সুপ্রিম কোর্ট বলেছিল, কোনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যুক্তিযুক্ত কি না, তা আদালত বিচার করে দেখতে পারবে | যদি তার পেছনে উপযুক্ত কারণ না থাকে তবে তা অবৈধ বলে গণ্য হবে | এমনিতেই একের পর এক মামলাতে শীর্ষ আদালতে হেরে ভূত হচ্ছে সরকার | অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও যদি তাই হয়, তবে সীমান্ধ্র এলাকাতে কংগ্রেস এর গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে ঠেকবে, তা ভাবা উচিত শিন্দে মহাশয়ের |
দ্বিতীয়ত, তেলেঙ্গানার বিরুদ্ধে এখন জোরদার আন্দোলন করে সীমান্ধ্রতে কংগ্রেস এর মাটি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন জগন রেড্ডি | তিনি মানুষকে সহজে বোঝাতে পারবেন, সীমান্ধ্র আর রায়লসীমার জনগণের আন্দোলন ন্যায্য ছিল | যখন রাজনৈতিকভাবে কংগ্রেস তার মোকাবিলা করতে পারল না, তখন রাষ্ট্রপতি শাসন বলবত করে জোর করে মানুষের আওয়াজ চাপা দেওয়া হল | সম্ভাবনা, ২০১৪-তে লোকসভা ভোটে কংগ্রেস এর ভরাডুবি | তেলেঙ্গানা এলাকার ১৭টি আসনে ফায়দা তুলতে গিয়ে সীমান্ধ্র আর রায়লসীমার ২৫ আসনে বিলকুল মুখ থুবড়ে পড়তে পারে কংগ্রেস | প্রসঙ্গত, এই ১৭টি আসনে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর হবে | সুতরাং সেখানেও কংগ্রেস এর ১০০ শতাংশ লাভ হবে, মনে করার কোনও কারণ নেই |
তৃতীয়ত, বিজেপি তেলেঙ্গানার সমর্থক হলেও সংসদে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব পাশ করতে হয়তো দেবে না | কারণ, সেক্ষেত্রে সীমান্ধ্র আর রায়লসীমাতে তাদের জনপ্রিয়তা কমতে পারে | লোকসভা ভোটের মুখে সেই ঝুঁকি নেবে না বিজেপি | তেলেঙ্গানা রাজ্য তৈরির পুরো কৃতিত্ব কংগ্রেস পেয়ে গেলে তো বিজেপির বিপুল লোকসান | আর সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন না পেলে বিষয়টি আটকে যাবে | তখন কংগ্রেস এর লেজে-গোবরে অবস্থা হবে | ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি যে কোনো দমন-পীড়নের বিরোধিতা করে মুখ খুলেছেন | পরিষ্কার, তিনি জনসমর্থন হারানোর ভয়ে কেন্দ্রের মনোভাবের সঙ্গে একমত নন | এর মধ্যেই কংগ্রেস এর অনেক নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি গিয়ে ভিড়েছেন ওয়াইএসআর কংগ্রেস-এ |
তাই, আলোচনার মাধ্যমেই একমাত্র এই অচলাবস্থা কাটানো যেতে পারে | তাতে অন্ধ্রপ্রদেশে, বিশেষত সীমান্ধ্র আর রায়লসীমাতে অন্তত টিকে থাকবে কংগ্রেস !












Click it and Unblock the Notifications