২০১৯ লোকসভা ভোট জেতা শুধু সময়ের অপেক্ষা মোদীর কাছে, অনলাইন পোলে সেরকমই ইঙ্গিত
২০১৪ সালের পর থেকে দেশ এখনও মোদী বন্দনায় আবিষ্ট, সেই ছন্দ এখনও কাটেনি। একেরপর এক নির্বাচনে সেটাই প্রমাণিত হচ্ছে।
কংগ্রেস সভাপতি পদে শপথ নিয়ে কাজ শুরু করেছেন রাহুল গান্ধী। তবে নেতা হিসাবে তিনি নরেন্দ্র মোদীর চেয়ে শতযোজন পিছিয়ে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রীই। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। টাইমস গোষ্ঠীর অনলাইন সমীক্ষায়ও সেই প্রসঙ্গই বারবার উঠে এসেছে। ২০১৪ সালের পর থেকে দেশ এখনও মোদী বন্দনায় আবিষ্ট, সেই ছন্দ এখনও কাটেনি। একেরপর এক নির্বাচনে সেটাই প্রমাণিত হচ্ছে।

বিরোধিতার ছাপ নেই
নোট বাতিল, জিএসটি কোনও ঘটনাই গুজরাতের নির্বাচনে ছাপ ফেলতে পারেনি। গুজরাত ও হিমাচল প্রদেশে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে সবকটি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে। এমনকী মহারাষ্ট্রের পুর নির্বাচন ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও নোট বাতিলের সামান্যতম আঁচড়ও পড়েনি।

নয়টি ভাষায় সমীক্ষা
টাইমস গোষ্ঠীর তরফে মোট নয়টি ভাষায় সমীক্ষা করা হয়েছে। সেখানে চারভাগের তিনভাগের বেশি মানুষ বলেছেন, এখনই লোকসভা ভোট হলে তাঁরা নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন।
শতাংশের বিচারে সেটা ৭৯ শতাংশ।

মোদীই আসবেন ক্ষমতায়
অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জিতে ক্ষমতায় আসতে চলেছে। এমনটা বলছেন সংখ্যাধিক্য মানুষ। ১২থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিন ভাগে সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লক্ষের বেশি মানুষ।

রাহুলকে চান কিছু মানুষ
তবে কংগ্রেসের সমর্থক যে নেই তেমন নয়। ২০ শতাংশ মানুষ বলেছেন তাঁরা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে দেখতে চেয়ে ভোট করবেন।

রাহুলের ভরসা নেই অধিকাংশের
সমীক্ষায় ৫৮ শতাংশই রাহুলকে নিয়ে খুব একটা আশাবাদী নন। তবে ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, কংগ্রেসের হয়ে মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন রাহুল।

কংগ্রেস নির্ভরযোগ্য নয়
তবে সমীক্ষায় যেটা কংগ্রেসের জন্য খারাপ ভাবনা উঠে এসেছে যে, ৭৩ শতাংশ মানুষ মনে করছেন রাহুল গান্ধী সভাপতি হয়ে আসার পরও কংগ্রেসকে এখনও দেশের দায়িত্ব দেওয়ার মতো নির্ভরযোগ্য মনে হচ্ছে না। রাহুলকে সরিয়ে নিলে যে কংগ্রেসের হাল ফিরবে, সেটাও সংখ্যাধিক্য মানুষ মনে করছেন না।

গান্ধী পরিবারের আস্থা
রাহুল গান্ধীকে সরিয়ে গান্ধী পরিবার বাদে অন্য কাউকে নেতা করলে কংগ্রেসকে ভোট দেবেন না বলে জানিয়েছেন ৩৮ শতাংশ মানুষ। আর ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন যে পরিবারতন্ত্রের বাইরে উঠে নেতা বাছলে তাঁরা কংগ্রেসকে ভোট দিতে পারেন।

মোদীতে আস্থা
এদিকে মোদী নেতা না থাকলে বিজেপিকে ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ৩১ শতাংশ মানুষ। আর যেই নেতা হোক আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন, এমনটা জানিয়েছেন ৪৮ শতাংশ মানুষ। অর্থাৎ বিজেপি ও মোদী যে সামনের লোকসভা ভোটে ফের বাজিমাত করতে চলেছে তা টাইমসের সমীক্ষায় ফের উঠে এসেছে।












Click it and Unblock the Notifications