পদ্মাবতী নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দেখুন ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের টাইমলাইন
একনজরে দেখে নেওয়া যাক এই সিনেমা নিয়ে প্রথম থেকে এদিন পর্যন্ত কী কী গোলমাল হল।
পদ্মাবতী সিনেমা নিয়ে একেবারে প্রথম থেকেই বিতর্ক চরমে উঠেছে। জয়পুরে দুর্গে সিনেমার সেটে হামলা ও পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে মারধর থেকে শুরু করে কারনি সেনার বিক্ষোভ ও পরে তার সঙ্গে রাজনীতি জড়িয়ে গিয়ে বর্তমানে এক বড় বিতর্কে পরিণত হয়েছে। সিনেমার মুক্তি আটকে গিয়েছে। বিবদমান দুই পক্ষ কেউ নিজের জায়গা ছাড়তে রাজি নন। ইতিহাস বিকৃত করা হয়নি বলে পরিচালক বনশালী জানালেও তা মানতে রাজি নন কারনি সেনা বা মেওয়ারের রাজ পরিবার। এমনকী এতে সায় রয়েছে বিজেপি-কংগ্রেসেরও। একনজরে দেখে নেওয়া যাক এই সিনেমা নিয়ে প্রথম থেকে এদিন পর্যন্ত কী কী গোলমাল হল।

জয়পুরে সেটে হামলা
ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করে প্রদর্শন করা হচ্ছে, এই অভিযোগে, জানুয়ারি মাসে জয়পুরে সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মবতী'-র সেটে ভাঙচুর চালায় রাজপুত কারনি সেনা। আন্দোলনকারীরা সঞ্জয় লীলা বনশালীর চুলের মুটি ধরে, চড় থাপ্পড় মারে। বনশালীকে হেনস্থা করা হয়, জয়গড় দূর্গে ছবির সেটে ভাঙচুর চালানো হয়।

কোলাপুরে সেটে আগুন
মহারাষ্ট্রের কোলাপুরে গত মার্চে পদ্মাবতী-র সেটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সেটে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়। ঘটনায় একইভাবে নিন্দায় ফেটে পড়ে বলিউড।

রাজপুতদের হুমকি
রাজপুতানা সংঘ হুঙ্কার দেয়, যদি সিনেমায় কোনও গন্ডগোল দেখা যায়, যদি কোনওভাবেই পদ্মাবতীর চরিত্রে সামান্য দাগও লাগে তাহলে তাঁরা ছেড়ে কথা বলবেন না। তাঁদের সাফ কথা রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির যদি রোমান্টিক সম্পর্ক স্থাপনের কোনও চেষ্টা হয় তাহলে হলে আগুন জ্বলে যাবে। এই ঘটনা অক্টোবর মাসের।

আসরে বিজেপি-কংগ্রেস
রাজপুতদের ভোট বড় ফ্যাক্টর রাজস্থান, মধ্যপ্রদেশ সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে। ফলে রাজনৈতিক দলগুলি পদ্মাবতীর মুক্তি আটকানোর দাবি নিয়ে আসরে নামে। এক্ষেত্রে বিজেপি-কংগ্রেস সবাই একসারিতে রয়েছে। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশন, সিবিএফসি ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো হয়।

মেওয়ারের রাজ পরিবারের বাধা
মেওয়ারের রাজপরিবারের সদস্যরা ছবির মুক্তি বন্ধ করতে সেন্সর বোর্ড তথা দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন। এর আগে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজও জানিয়েছেন সেন্সর বোর্ডের কাছে ছবির মুক্তি না হতে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে হরিয়ানা সরকার।

কারনি সেনার ডাকা বনধ
পদ্মাবতী বিতর্কে এবার চরম পদক্ষেপ করল কারনি সেনা। নানা জায়গায় বিক্ষোভ ও ভাঙচুরের পর ১ ডিসেম্বর বনধ ডাকল তাঁরা। এই নিয়ে রাজস্থানের কোটা ও কর্ণাটকের বেঙ্গালুরুতেও বিক্ষোভ দেখায় তাঁরা।

যোগী সরকারের বিরোধিতা
রাজ্যে পদ্মাবতী ছবির বিরোধিতায় যোগী সরকার। ছবিটি মুক্তি পেলে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কেন্দ্রকে দেওয়া চিঠিতে এমনটাই জানায় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকে পাঠানো চিঠিতে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব অরবিন্দ কুমার জানান, ছবিতে মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া অংশ নিয়ে সেন্সর বোর্ডের ব্যবস্থা নেওয়া উচিত।

দীপিকার মাথা কাটার হুমকি
হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। রবিবার এক সভা থেকে তিনি ঘোষণা করেন, সঞ্জয়লীলা বনশালী এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা যে বা যাঁরা কাটতে পারবেন, তাদের ১০ কোটি টাকা দেওয়া হবে। একইসঙ্গে সেই ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের পরিবারের দেখভালের দায়িত্বও নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ
'পদ্মাবতী'-ছবির আপত্তিকর দৃশ্য ছেঁটে ফেলার আবেদন খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। এক আইনজীবী 'পদ্মাবতী' বিতর্কে পিটিশন দাখিল করার প্রেক্ষিতে, দেশেরে সর্বোচ্চ আদালত জানায় যে, সিবিএফসির কাজে আদালত দখলদারি করতে চায় না।

পদ্মাবতীকে লন্ডনের ছাড়পত্র
ব্রিটেনে এই ছবি মুক্তি পাবে বলে জানিয়ে দেয় ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। বিবিএফসি-র ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, 3D বা আইম্যাক্সে প্রেক্ষাগৃহে দেখানো হতে চলেছে এই ছবি।

নাহাড়গড়ে ঝুলন্ত দেহ
শুক্রবার রাজস্থানের নাহারগড় দূর্গ থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত দেহ। নাহারগড়ের ছাদের ওপর থেকে ঝোলানো একটি দড়িতে যুবকের গলায় ফাঁস দেওয়া ছিল এবং দেহটি দূর্গের দেওয়াল-এর গায়ে ঝুলছিল। দূর্গের ছাদে একটি পাথরে কিছু লেখা মিলেছে। যুবককে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। এর সঙ্গে পদ্মাবতীর কোনও সম্পর্ক নেই।

বাংলায় স্বাগত পদ্মাবতী
কলকাতায় এক অনুষ্ঠানে শুক্রবার মমতা বলেন, সঞ্জয় লীলা বনশালী ও তাঁর পদ্মাবতী দলকে তিনি দরাজ হস্তে স্বাগত জানাচ্ছেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তিনি তৈরি। সারা দেশে অন্য রাজ্যগুলিতে পদ্মাবতী রিলিজ করতে না পারলে বাংলায় তা রিলিজ করা হোক। তৃণমূল সরকার পদ্মাবতীর জন্য বিশেষ ব্যবস্থা করবে খুশি মনে ও গর্বের সঙ্গে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ খুললেন দীপিকা
দীপিকা বলেন, বলেছেন, আমি হতাশ হয়েছি বা রেগে গিয়েছি বলব না। তবে এটা খুব বিরক্তিকর, হৃদয়বিদারক। এটা শুধু পদ্মাবতী সিনেমার জন্য নয়। বারবার সিনেমা ইন্ডাস্ট্রিকে আক্রমণ করা হচ্ছে। সারা দেশে যা ঘটছে তাতে সফট টার্গেট হয়ে দাঁড়াচ্ছে বলিউড। এটা ঠিক নয়। এসব বন্ধ হওয়া প্রয়োজন।

মমতার নাক কাটার হুমকি
সূরজ পাল আমু রাক্ষসী সূর্পনখার সঙ্গে মমতার তুলনা টেনেছেন। তলোয়ার দিয়ে মমতার নাক কাটার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বনশালীদের বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন। এটা রামের দেশ। লক্ষ্মণ সূর্পনখার সঙ্গে যা করেছেন তা আর আমি উল্লেখ করলাম না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, তেমনটাই করা হবে মমতার সঙ্গেও।












Click it and Unblock the Notifications