বিগ বি-র হাত থেকে ৫ কোটি টাকা পেয়েছিলেন কেবিসিতে, এখন কেমন আছেন সেই সুশীল কুমার
অমিতাভ বচ্চনের হাত থেকে ৫ কোটি টাকার চেক পেয়েও জীবন বদলায়নি মোতিহারির সুশীল কুমারের, এখন তিনি আগের মতই বলে দাবি সুশীলের ।
কৌন বনেগা কড়োরপতিতে ৫ কোটি টাকা জিতে নিয়েছিলেন বিহারের মোতিহারির সুশীল কুমার। সেটা ছিল ২০১১ সাল। তারপর কেমন আছেন সুশীল? শুনতে অবাক লাগলেও সত্যি যে ওই টাকার কিছুই আর সুশীলের হাতে নেই। অন্তত তিনি নিজে তেমই দাবি করেছেন।

২০১১ সালে অমিতাভ বচ্চনের হাত থেকে ৫ কোটি টাকার চেক নিয়েছিলেন সুশীল। আয়কর বাবদ কিছু টাকা কেটে নেওয়ার পর হাতে পেয়েছিলেন ৩.৬ কোটি টাকা। কিন্তু কৌন বনেগা কড়োরপতিতে যাওয়ার আগে ৬ হাজার টাকা মাস মাইনের চাকরি করতেন সুশীল। অনেকেই ভেবেছিলেন এই টাকা পাওয়ার পর জীবনযাপন একেবারেই বদলে যাবে সুশীলের। কিছুটা হয়ত বদলেছিল, কিন্তু সবটা নয়। ৫ কোটি টাকার জেতার পর চাকরি ছেড়ে দেন তিনি। একটা জমি কিনে বাড়ি করেন, তবে সেই বাড়ি একেবারেই বাংলো নয়, সাদামাটা বাড়ি। কোনও অজ্ঞাত কারণে সেই বাড়ি আজও সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ বাড়িতেই একতলায় পরিবারের সঙ্গে থাকেন তিনি।
একটি গাড়িও কিনেছিলেন। কিন্তু সুশীল জানিয়েছেন, এখনও সাইকেল নিয়েই ঘোরেন তিনি। সুশীলের দাবি, তাঁর কাছে আর টাকা নেই, যার কারণেই তিনি বাড়ির কাজ শেষ করতে পারেননি। অবশ্য ৩.৬ কোটি টাকা তিনি কোথায়, কীভাবে খরচ করেছেন, তা খোলসা করেননি সুশীল। সুশীলকে রিয়েলিচি শো বিগ বসেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেখানে যেতে তিনি অস্বীকার করেন। পরবর্তী সময়ে ডান্স রিয়েলিটি শো ঝলক দিখলা যা-তেও অংশগ্রহণ করেন তিনি। এখন অবশ্য ঝলমলে টেলিভিশন দুনিয়া থেকে অনেকটাই দুরে সুশীল। আপাতত পিএইচডি ও গানের তালিম নিতেই ব্যস্ত তিনি।












Click it and Unblock the Notifications