আল্পসে মেলা দেহাবশেষ এবং ইঞ্জিন কি দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের
কমপক্ষে ৫০ বছর আগে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের ধ্বংসাবশেষ। ফ্রেঞ্চ আল্পস-এর মঁ ব্লাঁ-র বসন হিমবাহে পাওয়া গিয়েছে একটি জেট ইঞ্জিন এবং দেহাবশেষ। খোঁজ পেয়েছেন অনুসন্ধানকারী ড্যানিয়েল রশে
হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজে বছরের পর বছর অনুসন্ধান চালানোর নেশা তাঁর। সেই নেশা থেকেই ফ্রেঞ্চ আল্পস-এ গিয়েছিলেন ড্যানিয়েল রশে।
তিনি খুঁজে পেয়েছেন কমপক্ষে ৫০ বছর আগে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের ধ্বংসাবশেষ। জানিয়েছে সংবাদ সংস্থা।

অন্য় দিনের মতোই বৃহস্পতিবারেও মঁ ব্লাঁ-র বসন হিমবাহে খোঁজ চালাচ্ছিলেন রশে। হঠাৎই চোখে পড়ে একটি কাটা হাত এবং পায়ের উপরের অংশের। সংবাদ সংস্থাকে তিনি জানান, তাঁর দীর্ঘ দিনের অনুসন্ধানে এরকম কোনও দেহাবশেষ এর আগে পাননি। দেহাবশেষ দেখে প্রাথমিক ভাবে তাঁর মনে হয়েছে, সেগুলো কোনও মহিলার হতে পারে। সঙ্গে তিনি ৪ টি জেট ইঞ্জিনের একটির হদিশ পেয়েছেন বলে দাবি করেছেন।
চামোনিক্স উপত্যকার জরুরি পরিষেবায় বিষয়টি জানানোর পর, সেই দেহাবশেষ উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়। স্টিফেন বোজন নামে স্থানীয় এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই দেহাবশেষ একই ব্যক্তির নয়। তবে এটি কোন বিমানের যাত্রীর তা এখনই জানানো সম্ভব নয় বলেই জানিয়েছেন ওই আধিকারিক।
১৯৫০ সালে ফ্রেঞ্চ আলপসেই ৪৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১৯৬৬-র জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে নিউইয়র্কগামী বোয়িং ৭০৭, ১১৭ জন যাত্রী নিয়ে হারিয়ে যায় এই মঁ ব্লাঁ-তেই। দুটি দুর্ঘটনাতেই কারও খোঁজ পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications