ট্রাম্পকে রাষ্ট্রপতি মানতে ম্যাসাচুসেটস এখনও রাজি নয়
ভাবী রাষ্ট্রপতির প্রতিটি পদক্ষেপের উপর আমরা নজর রাখব, বলছে রাজ্যের নেতৃত্ব
ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন ঠিকই, কিনতু তাতে যে আমেরিকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সমর্থন জানাতে শুরু করেছেন, তা কিনতু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্সিওরেন্স জার্নাল-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সেদেশের ম্যাসাচুসেটস প্রদেশে প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর বিরোধিতা গড়ে তুলছেন বিভিন্ন রাজনীতিবিদ এবং নানা গোষ্ঠী।
এবং এই বিরোধিতার নেতৃত্বে রয়েছেন ম্যাসাচুসেটস-এর ৬৭ বছর বয়সী ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ওয়ারেন সম্প্রতি ট্রাম্পকে একটি চিঠি লিখে তাঁর সমালোচনা করে বলেন কায়েমী স্বার্থের সাহায্য নিয়ে তিনি নিজের প্রশাসন সাজাচ্ছেন। ট্রাম্পকে তাঁর বর্তমান উপদেষ্টাদের সরিয়ে মার্কিন মানুষের স্বার্থ নিয়ে ভাববে এমন লোককে আনতে বলেন ওয়ারেন।

এবং তিনি যদি তা না করেন, তবে তিনি আগামী চার বছর ক্রমাগত ট্রাম্পের বিরোধিতা করে যাবেন বলে সাবধান করেন বলে জানিয়েছে প্রতিবেদনটি।
"আমি প্রতিদিন আপনার কাজকর্মের উপর নজর রাখব এবং মার্কিন নাগরিকদের জানাব কীভাবে আপনি তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন," চিঠিতে লেখেন ওয়ারেন।
গত ৮ নভেম্বর নির্বাচনের দিন থেকেই ম্যাসাচুসেটস-এর বিভিন্ন আধিকারিক এবং গর্ভপাত এবং স্বাস্থ-বিষয়ক গোষ্ঠীরা ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নানা নীতির বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছেন বলে জানায় প্রতিবেদনটি।
ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত ম্যাসাচুসেটস রাজ্যের নেতৃত্ব বরাবরই বিদায়ী রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে এসেছেন এবং সদ্যসমাপ্ত নির্বাচনে ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছে। এমনকী, ম্যাসাচুসেটস-এর রিপাবলিকান গভর্নর চার্লি বেকারও নিজের দলের প্রার্থী ট্রাম্পকে ভোট দিতে অস্বীকার করেন।
৮ তারিখের নির্বাচনে ম্যাসাচুসেটসে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ২৭ পয়েন্টে তাঁর প্রতিপক্ষকে পরাজিত করেন। যদিও শেষপর্যন্ত হিলারি হেরে যান সার্বিক ফলাফলে।
যদিও ম্যাসাচুসেটস-এর নেতৃত্ব মেনে নিচ্ছেন যে আর্থিক কারণে ট্রাম্প এবারের নির্বাচনে সমর্থন পেয়েছেন, কিনতু একই সঙ্গে বিভিন্ন বিষয়ে ট্রাম্পের কট্টরপন্থী অবস্থান তাঁদের উদ্বিগ্ন করেছে। ট্রাম্পের জয়ের পরে দেশে বর্ণবিদ্বেষী অপরাধের উপর নজর রাখতে ম্যাসাচুসেটস-এর ডেমোক্র্যাট এটর্নি জেনারেল মরা হিলি একটি হটলাইনও চালু করেছেন।
রিপাবলিকানরা অবশ্য এতে চটছেন না। ম্যাসাচুসেটস-এর রিপাবলিকান প্রতিনিধি জেফ ডিল যিনি এই নির্বাচনে ট্রাম্পের প্রচার দলের অন্যতম মূখ্য আধিকারিক ছিলেন, তিনি বলেন ট্রাম্প এর জন্য কিছু মনে করবেন না কারণ প্রাইমারি পর্যায়ে এই রাজ্যেই তিনি বড় জয় পেয়েছিলেন। একটু সময় লাগলেও ম্যাসাচুসেটস আস্তে আস্তে প্রশাসক ট্রাম্পের সঙ্গে সহমত হবে বলে আশাপ্রকাশ করেন এই রিপাবলিকান নেতা, বলেছে ইনসিওরেন্স জার্নালের প্রতিবেদনটি।












Click it and Unblock the Notifications