কর্নাটক জিততে গেলে লিঙ্গায়েত ছাড়াও অন্যদের মনজয় করতে হবে বিজেপিকে
কর্নাটক বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। মে মাসে জানা যাবে কারা দক্ষিণের এই রাজ্যের শাসকের চেয়ারে বসতে চলেছেন। ২২৪ সদস্য বিশিষ্ট কর্নাটক বিধানসভায় মূলত ত্রিমুখী লড়াই বিজেপি কংগ্রেস এবং জেডিএসের মধ্যে। এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন বাসবরাজ বোম্মাই। তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন কংগ্রেসের সিদ্দারামাইয়া ও জিডিএসের কুমারস্বামী।
২০১৮ সালের নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিজেপি ভোটে উত্তীর্ণ হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যার ফলে কংগ্রেস এবং জেডিএস জোট করে সরকার গড়ে। এবং মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী। তবে এক বছরের মধ্যে সেই জোট সরকার পড়ে যায় এবং বিজেপি ক্ষমতায় ফেরে।

জাত-সম্প্রদায় ভোটের বড় ফ্যাক্টর
এই রাজ্যে জাত-সম্প্রদায়ের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক এখানে ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার মধ্যে অন্যতম হল লিঙ্গায়েত এবং ভোক্কালিগা। এছাড়াও কুরবা, মুসলমান, দলিত, ওবিসি সম্প্রদায়ের মানুষরাও এ রাজ্যে ভোটে ফ্যাক্টর। এরাজ্যে ভোট এলেই লিঙ্গায়েতদের নিয়ে প্রচুর আলোচনা হয়। তবে ঘটনা হল, দলিত, মুসলমান এবং ওবিসি যোগ করলে তা লিঙ্গায়েতদের থেকে অনেকটাই বেশি।

লিঙ্গায়েতরা বিজেপির পক্ষে
বিএস ইয়েদুরাপ্পা নিজে লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ। ফলে লিঙ্গায়েতরা বরাবরই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। অন্যদিকে সংখ্যালঘু, পিছিয়ে পড়া শ্রেণি ও দলিত সম্প্রদায়ের ভোট কংগ্রেস এতদিন পেয়ে এসেছে তাঁদের নেতা সিদ্দারামাইয়ার জন্য।
ভোক্কালিগারা অন্যদিকে জেডিএস বা জনতা দল সেকুলারকে বরাবর ভোট দিয়ে এসেছে। ভোক্কালিগাদের কিছুটা সমর্থন অবশ্য কংগ্রেসও পেয়েছে। অর্থাৎ ভোট এলেই বিভিন্ন দল বিভিন্ন জাতি-গোষ্ঠীর মন জয় করতে উঠে পড়ে লাগে। এবারও তার অন্যথা হচ্ছে না।

মন জিততে হবে অন্যদেরও
তবে ঘটনা হল, বিজেপিকে ফের একবার পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে গেলে লিঙ্গায়েতের বাইরে গিয়ে বৃহত্তর অংশের ভোটারদের মন জয় করতে হবে, তাঁদের বিশ্বাস অর্জন করতে হবে। অর্থাৎ বাদামি, হানুর, গুন্ডলুপেটের মতো আসন যেখানে বিরোধীরা অপেক্ষাকৃত শক্তিশালী, যেখানে ভোক্কালিগা ও ওবিসি সম্প্রদয়ের মানুষের ভোট বেশি, সেখানে থাবা বসাতে হবে। তাহলেই বিজেপির পরপর দুবার কর্নাটকের মসনদে ফেরার স্বপ্ন পূরণ হতে পারে।












Click it and Unblock the Notifications