জোট বার্তা : হাত ধরাধরি করে বঙ্গ কংগ্রেস ও সিপিএম তাকিয়ে দশ জনপথের দিকে
কলকাতা, ১১ জানুয়ারি : গতবছরের মাঝামাঝি সময়ে এক সাংবাদিক সম্মেলনে হঠাৎ করেই কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছিলেন সিপিএম নেতা গৌতম দেব। সেইসময়ে অনেকেই তাঁর কথাকে গুরুত্ব দেননি। তবে আসন্ন বিধানসভা ভোটের আগের ভবিষ্যতকে নির্ভুলভাবে চাক্ষুষ করেছিলেন গৌতম দেব।
বাম জমানার অবসানের পর পাঁচ বছর প্রায় শেষের পথে। শিয়রে ফের একটা বিধানসভা ভোট। মাঝের বছরে রাজ্য শাসন করেছে তৃণমূল কংগ্রেস। গতবার বিরোধীদের স্লোগান ছিল যে করেই হোক ৩৪ বছরের বাম জমানার অবসান। আর তা সম্ভবও হয়েছিল। তবে এবার ফের স্লোগান বদলেছে। এবং তাতে নতুন রং যোগ হয়েছে তাতে সন্দেহ নেই।

মাত্র পাঁচ বছরের মাথায় অভিযোগের তির ঘুরে গিয়েছে গতবারের বিরোধী তৃণমূলের দিকে। এবং স্লোগানও একটি নয় দুটি। 'তৃণমূল হটাও রাজ্য বাঁচাও' ও 'বিজেপি হটাও দেশ বাঁচাও'। আর এই স্লোগানই সিপিএম সহ বামেদের পাশে একসারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে বঙ্গ কংগ্রেসকে।
সিপিএম সরাসরি জোট বার্তা দিয়ে দিয়েছে। তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে সব ধর্ম নিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে রব উঠেছে বামেদের ব্রিগেড সভা থেকেই। এমনকী দলের প্লেনামেও বারবার কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষ্যে সওয়াল করেছেন বাম নেতারা। সেইমতো সরাসরি এবং প্রকাশ্যে জনসভাতেও কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষ্যে বামেরা সওয়াল করছেন।
অন্যদিকে কংগ্রেসের দুটি সত্ত্বা দেখা যাচ্ছে। বঙ্গীয় প্রদেশ কংগ্রেস মৌখিক জোট সেরে নিয়েছে সিপিএমের সঙ্গে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী প্রকাশ্যেই বলেছেন, দলের নিচুতলার কর্মীরা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে জোটবদ্ধ হতে সিপিএম কর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন। নিচুতলায় জোট হয়েই গিয়েছে।
অধীরবাবু যে রাজ্যের কংগ্রেস কর্মীদের মনের কথা ও প্রদেশ নেতৃত্বের এই ব্যাপারে সহাবস্থানের কথা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানিয়ে এসেছেন, সেকথাও তিনি বারবার বলে চলেছেন। তবে এখনও কংগ্রেসের তরফে জোট নিয়ে খোলসা করা হয়নি।
অর্থাৎ সবশেষে কাঁটা গিয়ে আটকেছে দশ জনপথের দরবারে। এই ঠিকানার মালকিন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী তথা সভাপতি সনিয়া গান্ধী। তিনি কবে এব্য়াপারে শিলমোহর দেন আপাতত সেদিকেই তাকিয়ে অধীরবাবুরা। ইতিবাচক বার্তা পেলেই তৃণমূল উৎখাতে ঝাঁপিয়ে পড়বে দুটি দলের নেতা-কর্মীরা।












Click it and Unblock the Notifications